রাজশাহীর দুর্গাপুরে যানজট নিরসন, বাজার ব্যবস্থাপনা সুরক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করতে বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। এ সময় বিভিন্ন অপরাধে তিনজনকে জরিমানা করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুর্গাপুর উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে চলাচলের রাস্তায় অবৈধভাবে ইট-বালু রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি, হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মোটরসাইকেল চালানো এবং ব্রিজের ওপর অহেতুক যানবাহন পার্কিং করে যানজট সৃষ্টির অপরাধে তিনজনকে জরিমানা করা হয়। পাশাপাশি আইন অমান্যকারীদের সতর্ক করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা জানান, জনকল্যাণ, বাজারের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাচাই-বাছাইয়ের পাশাপাশি জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে প্রশাসনের তদারকি জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, দুর্গাপুর উপজেলায় প্রতি সপ্তাহের রোববার ও বুধবার হাট বসে। হাটের দিনগুলোতে সাধারণ মানুষের সমাগম বেশি হওয়ায় যানজট ও জনদুর্ভোগ বাড়ে। এ কারণে ক্রেতা-বিক্রেতাদের চলাচল নির্বিঘ্ন রাখা এবং বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে বিশেষ তদারকি কার্যক্রম জোরদার করেছে উপজেলা প্রশাসন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









