আনসার-ভিডিপি সদস্যদের দেশসেবার মানসিকতা, ত্যাগ ও আত্মনিবেদনে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
বুধবার সকালে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পিপলস ওয়ারফেয়ার ডকট্রিনের আলোকে পরিচালিত ‘উপজেলা আনসার উচ্চতর প্রশিক্ষণ-১’-এর সমাপনী ও ব্যাংক শেয়ার সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহাপরিচালক বলেন, সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের বোঝানো হয়েছে, শুধু ইউনিফর্ম পরিধান করলেই দায়িত্ব শেষ হয় না। দুর্যোগ ও সংকটের সময় নিজেদের বিলিয়ে দিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। দেশসেবার মানসিকতা, ত্যাগ ও আত্মনিবেদনে তাঁদের উদ্বুদ্ধ করা হচ্ছে, যাতে তাঁরা সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি জাতীয় প্রতিরক্ষায় সম্পৃক্ত করতে পারেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয়। পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন তিনি। এ সময় সদস্যদের মাঝে ব্যাংক শেয়ার সার্টিফিকেটও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল আঞ্চলিক উপপরিচালক, সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্ট গার্ডের কর্মকর্তারা, বিভিন্ন পর্যায়ের অসামরিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









