জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ময়মনসিংহের মুক্তাগাছা আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আলহাজ জাকির হোসেন বাবলু।
তিনি বলেন, দীর্ঘদিন পর সরকারিভাবে জেলা ও উপজেলা পর্যায়ে দিবসটি পালিত হতে যাচ্ছে। তাই নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় উপস্থিত থেকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করতে হবে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকার একটি রেস্টুরেন্টে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাকির হোসেন বাবলু বলেন, ১৯৭৫ সালের ৩, ৪ ও ৫ নভেম্বর দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল অত্যন্ত সংকটময়। ওই পরিস্থিতিতে সিপাহি-জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হন। জাতির ইতিহাসে এ দিবসের গুরুত্ব নতুন প্রজন্মকে জানানো প্রয়োজন।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, যুগ্ম আহ্বায়ক আকতারুল আলম ফারুক, শহীদুল আমিন খসরু, ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ও ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদসহ অন্য নেতারা।
এ সময় জেলা, উপজেলা, মহানগর ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









