অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৩য় বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে প্রধান অতিথি হিসেবে ৩ দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘‘স্কাউটিং তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল, নীতিবান এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা পালন করে।’’
উপাচার্য আরও বলেন, ‘‘কেবল পাঠ্যপুস্তকের পড়াশোনা নয়, বরং সমাজসেবা ও নেতৃত্বের গুণাবলী অর্জনে স্কাউটিং শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’ বেরোবি রোভার স্কাউট গ্রুপের সদস্যরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আত্মমানবতার সেবায় সবসময় নিজেদের উৎসর্গ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, প্রক্টর মো. ইসমাইল হোসেন, বেরোবি রোভার স্কাউট ইউনিট সাধারণ সম্পাদক মো. আখের চৌধুরী, রোভার স্কাউট সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত ৩ দিনব্যাপী এই ক্যাম্পিংয়ে নবীন রোভারদের আনুষ্ঠানিকভাবে দীক্ষাদান, তাঁবু নির্মাণ, প্রশিক্ষণ কার্যক্রম, স্কাউটিং মহড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ইভেন্ট সম্পন্ন হবে। আগামী ৩ দিন জুড়ে চলবে এই বর্ণাঢ্য তাঁবু বাস ও দীক্ষা কার্যক্রম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









