সিলেটের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় দুটি শটগান, পাঁচটি গুলি, ১৪৪ বোতল ভারতীয় মদসহ প্রায় ১৯ লাখ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এসব মালামাল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানে প্রতাপপুর সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় একনলা ও একটি দুইনলা শটগান, পাঁচটি গুলি এবং ১৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ টাকা।
বিজিবি জানায়, জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত তিন মাসে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৮৫ লাখ টাকার মাদকসহ মোট ৪১ কোটি ২ লাখ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এ ছাড়া চলতি বছরে ছয়টি এয়ার রাইফেল, তিনটি শটগান ও ১৩টি গুলি উদ্ধার করা হয়েছে।
সীমান্তে চোরাচালান ও অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









