পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া (ফেক) আইডি খুলে উপজেলা কৃষক দলের সদস্যসচিব মো. মকসেদ আলী ও তার পরিবারের সদস্যদের নিয়ে অশ্লীল ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকায় অভিযান চালিয়ে মামলার মূল অভিযুক্ত মো. আব্দুর রাজ্জাককে (৩৬) গ্রেপ্তার করেছে আটোয়ারী থানা পুলিশ।
গ্রেপ্তার যুবক আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত মফিজুল ইসলামের পুত্র বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আটোয়ারী পঞ্চগড়’ নামে একটি ভুয়া আইডি ব্যবহার করে আটোয়ারী উপজেলা কৃষক দলের সদস্যসচিব মো. মকসেদ আলী ও তার পরিবারের সদস্যদের নিয়ে অশ্লীল ও আপত্তিকর পোস্ট এবং মন্তব্য ছড়ানো হচ্ছিল। এতে ওই পরিবার সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আটোয়ারী থানায় ১৮(২)(গ)/২৫(২)/২৭(১) ধারায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়। মামলা নং-১, তারিখ: ০১/১১/২০২৬।
মামলা দায়েরের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তে নামে পুলিশ। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমানের নির্দেশনায় এবং ওসি (তদন্ত) মো. ফারুকুল ইসলামের নেতৃত্বে এসআই আরশাদুল হকসহ পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে।
অভিযুক্ত আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে গাজীপুর সিটি কর্পোরেশনের খরতৈল এলাকায় বসবাস করছিল।
এ বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমান জানান, সাইবার অপরাধ ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তানকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









