নাটোরের বাগাতিপাড়া উপজেলার কোয়ালিপাড়া এলাকায় অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থী ও তাদের টিম লিডার সহকারী শিক্ষক মোছা. আইরিন পারভীন।
বুধবার (৪ নভেম্বর) সকালে নাটোর থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত নাটোর রাজবাড়িতে অনুষ্ঠিত হয় ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী, রাজশাহী অঞ্চল। ক্যাম্পুরীর কার্যক্রম শেষে ছয় শিক্ষার্থী ও তাদের টিম লিডার সহকারী শিক্ষক মোছা. আইরিন পারভীন একটি রিজার্ভ অটোভ্যানে করে ফিরছিলেন।
পথিমধ্যে বাগাতিপাড়া উপজেলার কোয়ালিপাড়া এলাকায় অটোর ওপর থাকা একটি লাগেজ হঠাৎ চাকার নিচে পড়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে অটোভ্যানটি রাস্তার পাশের একটি গভীর পুকুরে পড়ে ডুবে যায়।
এ সময় সহকারী শিক্ষক মোছা. আইরিন পারভীন নিজের প্রচেষ্টায় দুই শিক্ষার্থীকে উদ্ধার করেন এবং চিৎকার করে স্থানীয়দের সহযোগিতা চান। তার ডাক শুনে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে শিক্ষক ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় পানিতে ডুবে যাওয়া বাকি শিক্ষার্থীদেরও উদ্ধার করা সম্ভব হয়।
গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রানী বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় শিক্ষক ও ছয় শিক্ষার্থীসহ সবাই অক্ষত রয়েছেন।
এদিকে, এমন বিপদের মুহূর্তে সাহসিকতা ও মানবিকতার পরিচয় দিয়ে শিক্ষার্থীদের জীবন রক্ষায় এগিয়ে আসায় স্থানীয় এলাকাবাসীর প্রতি বিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে। একই সঙ্গে সহকারী শিক্ষক মোছা. আইরিন পারভীনের উপস্থিত বুদ্ধি, সাহসিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









