গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুরের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার না করার জন্য নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া এক বার্তায় এ অনুরোধ জানানো হয়।
বার্তায় বলা হয়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ব্যক্তিগত ছবি কিংবা তাঁর উপস্থিতিতে ধারণ করা ছবি প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার করা থেকে সবাইকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে।
এতে আরও বলা হয়, এ অনুরোধ কারও প্রতি অনাস্থা বা অসম্মান প্রদর্শনের উদ্দেশ্যে নয়। বরং সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সৌজন্যবোধ ও প্রাতিষ্ঠানিক মর্যাদা বজায় রাখতেই এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
বার্তায় বিষয়টিকে প্রয়োজনীয় সাংগঠনিক নির্দেশনা হিসেবে বিবেচনা করে সবার সহযোগিতা ও দায়িত্বশীল আচরণ কামনা করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









