বগুড়ার নন্দীগ্রামে অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ ডিজিটাল লেনদেনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে জুয়া ও বেটিংয়ে ব্যবহৃত ছয়টি মুঠোফোন জব্দ করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পণ্ডিতপুকুর বাজারে মেসার্স দুই ভাই এন্টারপ্রাইজের গোডাউনের বারান্দায় অভিযান চালিয়ে সোহেল রানা (২৮) ও এমরান হোসেনকে (২৯) গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৪টা ৫০ মিনিটে নিজ বাড়ি থেকে রেজাউল করিম তানসেনকে (৩২) গ্রেপ্তার করে ডিবি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পণ্ডিতপুকুর এলাকার সোহেল রানা, বৃকঞ্চি এলাকার এমরান হোসেন ও মাধবকুড়ি এলাকার রেজাউল করিম তানসেন।
ডিবি সূত্র জানায়, জব্দ করা পাঁচটি স্মার্টফোন ও একটি বাটন ফোন পর্যালোচনা করে বিকাশ, নগদ, বিন্যান্সসহ বিভিন্ন ডিজিটাল ওয়ালেট ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অনলাইন জুয়ার বড় অঙ্কের লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া ওয়ান এক্স বেট, মব ক্যাশ, রেডি, বাইবিট ও মানি গোসহ বিভিন্ন অনলাইন বেটিং প্ল্যাটফর্ম ব্যবহারের প্রাথমিক তথ্য মিলেছে।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহারের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মো. ফেরদৌস আলীর নেতৃত্বে ডিবির একটি দল অভিযানটি পরিচালনা করে।
ডিবি আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় নন্দীগ্রাম থানায় মামলা করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









