মাদারীপুরের শিবচরে প্রায় তিন লাখ টাকায় সরকারি টোলঘর একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের লিখিত অভিযোগের পর অভিযান চালিয়ে টোলঘরটি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে কথিত চুক্তিপত্রে প্রথম পক্ষের স্বাক্ষরকারী দেলোয়ার খান চুক্তির বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে প্রশাসন।
বুধবার (৪ নভেম্বর) উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়নের দক্ষিণ ক্রোবচর বাজারে এ অভিযান চালানো হয়। এ সময় টোলঘরটির চারপাশের টিনের বেড়া অপসারণ করে স্থাপনাটি জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি টোলঘর ও বাজারের সংশ্লিষ্ট সম্পত্তি ব্যক্তিগত নিয়ন্ত্রণে রেখে প্রায় তিন লাখ টাকায় একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে ব্যবহারের চুক্তি করা হয়। মো. দেলোয়ার খান ও শহিদুল হাওলাদারের বিরুদ্ধে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, চুক্তিপত্রটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে তৈরি করা হয়েছিল।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের কাছে লিখিত অভিযোগ করেন। পরে তার নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সহযোগিতায় টোলঘরটি দখলমুক্ত করা হয়।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাছির উদ্দিন বলেন, সরকারি টোলঘর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের সম্পদ। চুক্তিপত্রে প্রথম পক্ষের স্বাক্ষরকারী দেলোয়ার খান ইউএনওর কার্যালয়ে উপস্থিত হয়ে চুক্তির বিষয়টি স্বীকার করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, সরকারি টোলঘর নিয়ে করা অবৈধ চুক্তির বিষয়টি দেলোয়ার খান স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









