শিশু-কিশোরদের ক্রীড়ায় উৎসাহিত করা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে নীলফামারীর ডিমলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭, সিজন-২’ আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে গৃহীত এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আরিফুল ইসলাম লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা জামায়াতের সেক্রেটারি রোকনুজ্জামান বাকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায়সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক ও সরকারি কর্মকর্তারা।
সভায় শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহী করে তোলা, সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ এবং জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরির বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি কর্মসূচিটি সফল করতে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও সংশ্লিষ্ট সবার সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









