জয়পুরহাট-হিলি সড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশিক (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন।
এ ঘটনায় মোটরসাইকেলের অপর এক আরোহী গুরুতর দুইজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জয়পুরহাট পৌর এলাকার কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক জয়পুরহাট সদর উপজেলার হাতিগাড়া গ্রামের ইমরানের ছেলে। তিনি জয়পুরহাট শহরের একটি খাবার হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুরহাট থেকে হিলির উদ্দেশে ছেড়ে যাওয়া জে আর পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাশিয়াবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আশিক বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। নিহতের মরদেহ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। পুলিশ নিহত ও আহতদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









