বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত জেলা আমির হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন।
শুক্রবার (৬ নভেম্বর ) দুপুরে কুষ্টিয়ার মোল্লাতেঘরিয়াস্থ আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত জেলা আমিরকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন।
দলীয় সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে ২০২৭-২০২৮ সেশনের জন্য কুষ্টিয়া জেলা আমির নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে জেলার সকল পুরুষ ও মহিলা রুকনবৃন্দ প্রত্যক্ষ ভোট প্রদান করেন। ভোটগণনা শেষে গত ৪ নভেম্বর কেন্দ্রীয় সংগঠন থেকে আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিনের নাম কুষ্টিয়া জেলার নির্বাচিত আমির হিসেবে ঘোষণা করা হয়।
আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার কর্মপরিষদ ও জেলা মজলিসে শূরার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা সভাপতি, কুষ্টিয়া শহর ও জেলা শাখা সভাপতিসহ সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত কুষ্টিয়া জেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২৩ সাল থেকে তিনি যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। চলতি ২০২৬ সালের ১৯ জানুয়ারি তৎকালীন জেলা আমীর অধ্যাপক আবুল হাশেমের ইন্তেকালের পর তিনি ভারপ্রাপ্ত জেলা আমিরের দায়িত্ব গ্রহণ করেন।
নবনির্বাচিত জেলা আমিরের এই শপথ গ্রহণের মাধ্যমে কুষ্টিয়া জেলা জামায়াতের ২০২৭-২০২৮ সেশনের সাংগঠনিক কার্যক্রমের নতুন নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









