জাতীয় চার নেতার নামে থাকা চারটি এবং ‘জয় বাংলা’ নামে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের একটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। জাহাজগুলোর নতুন নাম অনুমোদন করে কোস্টগার্ডের মহাপরিচালকের কাছে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ সংক্রান্ত অনুমোদনপত্র পাঠানো হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসফিকা হোসেন স্বাক্ষরিত চিঠিতে পাঁচটি জাহাজের আগের নামের পরিবর্তে নতুন নাম অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে। এর আগে বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকে জাহাজগুলোর নাম পরিবর্তনের প্রস্তাব পাঠানো হয়েছিল।
অনুমোদিত নতুন নাম অনুযায়ী, কোস্টগার্ডের ‘বিসিজিএস জয় বাংলা’ (পেন্যান্ট নম্বর পিসি-২০৮) জাহাজটির নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’।
এ ছাড়া বাকি চারটি জাহাজের নামও পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ (পিএল-৭১) জাহাজের নতুন নাম ‘বিসিজিএস ফিরোজ কবীর’, ‘বিসিজিএস তাজউদ্দীন’ (পিএল-৭২) হয়েছে ‘বিসিজিএস নুরুল ইসলাম’।
অন্যদিকে, ‘বিসিজিএস মনসুর আলী’ (পিএল-৭৩) জাহাজের নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং ‘বিসিজিএস কামরুজ্জামান’ (পিএল-৭৪) জাহাজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









