সিলেট নগরীতে দিনে দুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক নারী। ছিনতাইকারীরা মোটরসাইকেল যোগে এসে ওই নারীকে বহনকারী অটোরিকশা আটকে তাঁর ব্যাগ ছিনিয়ে দেয়। মঙ্গলবার দুপুরে নগরীর ৪ নং ওয়ার্ডের হাউজিং এস্টেট এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনাইয়ের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, হাউজিং এস্টেটের ভেতরের সড়ক দিয়ে একটি অটোরিকশা যাচ্ছিলো। তিনটি মোটরসাইকেলে এসে ৬ জন লোক ওই অটোরিকশার গতিরোধ করে। এরপর একজন মোটরসাইকেল থেকে নেমে অটিরিকশার ভেতরে থাকা ব্যাগ ধরে টানাটানি করে। কিছুক্ষণ টানাহ্যাঁচড়ার পর ব্যাগটি নিজের আয়ত্তে নিয়ে মোটরসাইকেল আরোহীরা চলে যায়। এসময় অটোরিকশা থেকে নেমে এক নারীকে চিৎকার করতে দেখা যায়।
পুলিশ জানায়, ওই নারী ব্যাংক থেকে টাকা নিয়ে বাসায় ফিরছিলেন। তিনি হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা। ছিনতাইকারীরা ব্যাগে থাকা তাঁর টাকা চেক বইয়ের কয়েকটি পাতা ছিনিয়ে নেয়। তবে ওই নারীর নাম জানা সম্ভব হয়নি।
এ ব্যাপারে সিলেটের এয়ারপোর্ট থানার ওসি শাহ মো. মোবাশ্বির বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় আমরা একটি মৌখিক অভিযোগ পেয়েছি। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ছিনতাইকারীদের ধরতে আমরা অভিযান চালাচ্ছি।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









