হিমালয়ের পাদদেশের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের আমেজ। হিমেল বাতাস ও ভোরের কুয়াশায় বদলাতে শুরু করেছে আবহাওয়া। দিনে রোদ থাকলেও সন্ধ্যার পর থেকেই বাড়ছে ঠান্ডা।
সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের চেয়ে ১.৫ ডিগ্রি কম। রবিবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
ভোর থেকেই জীবিকার তাগিদে কাজে বের হচ্ছেন দিনমজুর, চা-পাথর শ্রমিক, ভ্যানচালক ও কৃষকেরা। সকালে কাজে বের হওয়া মানুষের মাঝে শীতের প্রভাব স্পষ্ট।
স্থানীয় ভ্যানচালক রবি ইসলাম জানান, ভোরে ভ্যান চালানোর সময় হিমেল বাতাসে বেশ ঠান্ডা লাগে, যদিও দিনে রোদ উঠলে গরম অনুভূত হয়। চা শ্রমিক আবদুল খালেক বলেন, ভোরে চা-বাগানে কাজ করার সময় এখন চাদর বা গরম কাপড় গায়ে জড়াতে হচ্ছে।
স্থানীয়দের মতে, সন্ধ্যার পর উত্তর দিক থেকে আসা হিমেল বাতাসে শীতের তীব্রতা বাড়ে এবং রাত থেকে ভোর পর্যন্ত কাঁথা বা চাদর গায়ে জড়াতে হচ্ছে।
হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি অবস্থানের কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড়ে শীতের আগমন ঘটে কিছুটা আগেই। অক্টোবরের শেষভাগ থেকেই শীতের আমেজ স্পষ্ট হতে শুরু করে। নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি পর্যন্ত শীতের তীব্রতা আরও বাড়তে থাকে।
শীতের আগমনী বার্তার সঙ্গে বদলে যাচ্ছে স্থানীয় বাজারের চিত্রও। বিভিন্ন স্থানে বসতে শুরু করেছে মৌসুমি পিঠার দোকান। সন্ধ্যা নামতেই ভাপা, চিতই ও পাকান পিঠার আয়োজনে জমে উঠছে বাজার। শীতের আমেজ উপভোগ করতে পিঠার দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা।
দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যের কারণে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশিসহ বিভিন্ন শীতজনিত অসুস্থতার ঝুঁকি বাড়ছে। স্থানীয়দের ভাষ্য, শিশু ও বয়স্কদের অনেকে সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি অবস্থানের কারণে হিমেল বাতাস ও হালকা কুয়াশার প্রভাবে তেঁতুলিয়ার তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ সোমবার সকাল ৬ টায় তেঁতুলিয়ায় ১৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতার পরিমাণ ১০০ শতাংশ ছিল। এতে ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









