রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ার অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি।
রবিবার (৮ নভেম্বর) মধ্যরাতে শুটিং ক্লাবের একটি অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তার গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।
রাত পৌনে ১টার দিকে ফেসবুক লাইভে এসে এ অভিযোগ করেন পরীমনি। এ সময় শুটিং ক্লাবে স্টল ভাঙচুরের অভিযোগও তোলেন তিনি।
পরীমনি জানান, পাঁচ দিন ধরে শুটিং ক্লাবে অনুষ্ঠান চলছিল। রোববার ছিল এর শেষ দিন। অনুষ্ঠানে তার পরিবেশনার নির্ধারিত সময়ে মঞ্চে উঠতে পারেননি তিনি। তবে দর্শকরা পুরো অনুষ্ঠান উপভোগ করেছেন বলে দাবি করেন এই অভিনেত্রী।
ফেসবুক লাইভে পরীমনি বলেন, ‘পুরো প্রোগ্রাম শেষ হওয়ার পরে একজন আওয়াজ তুললো। অ্যাটাকিং মোডে আওয়াজ তুললো।’
অনুষ্ঠানে অন্য শিল্পীরাও উপস্থিত ছিলেন উল্লেখ করে তিনি বলেন, কারও কোনো ক্ষোভ থাকলে তার সঙ্গে সরাসরি কথা বলা উচিত ছিল।
পরীমনির অভিযোগ, অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তার গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ কারণে তিনি থানায় ফোন করতে বাধ্য হন। পরিস্থিতির কারণে গাড়িতে উঠতেও পারেননি বলে দাবি করেন তিনি।
ফেসবুক লাইভে তিনি আরও বলেন, ‘গুলশান থানা পুলিশ এখানে থাকার পরও তারা আমাকে বের করতে পারতেছিল না, অতিরিক্ত পুলিশ তারা কল করে। তাহলে দেশটা কার হাতে।’
ঘটনার জন্য দায়ীদের সমালোচনা করে পরীমনি তাদের বিরুদ্ধে ‘ইয়েলো জার্নালিজম’ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলেন।
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘কোথায় এই দেশের নিরাপত্তা। আমি তাহলে ঘোমটা পরেই থাকি, এই করবো।’
শুটিং ক্লাবে স্টল ভাঙচুরের অভিযোগ তুলে পরীমনি বলেন, ‘এসব ভাঙচুরের দায়িত্ব কে নেবে। এ দেশের রাষ্ট্র নেবে? অনেক আর্টিস্ট আছে তারা যে হেনস্তা হলো এটার দায়িত্ব কে নেবে? আমার সঙ্গে যদি কোনো ক্ষোভ থেকে থাকে তাহলে আমার সঙ্গে বসুক আমার সঙ্গে বুঝুক।’
এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বলেন, ‘একটা সমস্যা হয়েছিল। পরীমনি চলে গেছেন। আর কোনো ঝামেলা হয়নি।’
পরীমনির গাড়ি কিংবা অনুষ্ঠানের স্টল ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘ভাঙচুরের কোনো ঘটনা তা জানা নেই। পরীমনি সুস্থভাবে ফিরে গেছেন।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









