সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরত এনে তাঁর শাসনামলে সংঘটিত গুম ও হত্যাকাণ্ডের হিসাব নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
রোববার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ায় উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মাহবুবের রহমান শামীম বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশে ফেরার দিবাস্বপ্ন দেখছেন। তাঁকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারকে বলা হয়েছে। এ দেশের জনগণ তাঁর শাসনামলে সংঘটিত সব গুম ও হত্যাকাণ্ডের হিসাব নেবে।
তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক গোষ্ঠী শ্রমিক আন্দোলনের অজুহাতে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। বাসে অগ্নিসংযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠিত হওয়ার মাধ্যমে তারা নাশকতার চেষ্টা চালাচ্ছে বলেও দাবি করেন তিনি। এ পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে শামীম বলেন, কোনো নিষিদ্ধ সংগঠনের ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবে না। দলের ত্যাগী ও জনপ্রিয় নেতাদের বিবেচনায় নিয়ে প্রতিটি পদে একক প্রার্থী দেওয়া হবে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সবাইকে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। এর ব্যত্যয় ঘটলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি হাতিয়ার ১১টি ইউনিয়নেই বিএনপির প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পৌর বিএনপির সাবেক সভাপতি মোর্কারম বিল্যাহ শাহাদাতের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাসিব মঈন উদ্দিন মাহমুদ, লুৎফুল্লাহিল মজিদ নিশান, আশিক ইকবাল ও তানভির হায়দার।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস, সদস্যসচিব ফাহিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুমন তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ এবং সদস্যসচিব আব্দুল হালিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









