কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ও সাবেক ইউপি সদস্য নুরুল আমিনকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার থাইংখালী স্টেশন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলায় নুরুল আমিনের মাথায় গুরুতর জখম হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
এদিকে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে পালংখালী থেকে মরিচ্যা পর্যন্ত মহাসড়কের দুই পাশে কয়েক শ ছোট-বড় ও দূরপাল্লার যানবাহন আটকা পড়ে। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
স্থানীয় সূত্রের দাবি, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে একদল ব্যক্তি অস্ত্র নিয়ে নুরুল আমিনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
হামলার খবর পেয়ে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা। নুরুল আমিনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
হামলার প্রতিবাদে উখিয়া স্টেশন, বালুখালী, থাইংখালী, জামতলী ও পালংখালী স্টেশনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।
পালংখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন চৌধুরী বলেন, ‘নুরুল আমিন মেম্বার একজন জনপ্রিয় নেতা। তাঁর ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত হামলাকারীদের গ্রেপ্তার করা না হবে, ততক্ষণ পর্যন্ত সড়ক অবরোধ চলবে।’
উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি নেতা নুরুল আমিনের ওপর হামলার ঘটনায় আলমগীরসহ জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন তাঁরা।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









