যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে নোয়াখালীতে আয়োজিত মাদকবিরোধী যুব ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে নোয়াখালী এল ক্লাসিকো ফুটবল এরিনা টার্ফে অনুষ্ঠিত ফাইনালে ৪ নম্বর ওয়ার্ডকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ২ নম্বর ওয়ার্ড যুব বিভাগ।
জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে নোয়াখালী পৌরসভার ৯টি ওয়ার্ডের দল অংশ নেয়। ফাইনাল খেলায় দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্যপূর্ণ পারফরম্যান্সে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শেষ পর্যন্ত দুই গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ২ নম্বর ওয়ার্ডের খেলোয়াড়েরা।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন নোয়াখালী জেলা জামায়াতের আমির ও শিক্ষাবিদ ইসহাক খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী শহর জামায়াতের আমির মো. ইউসুফ, শহর সেক্রেটারি মো. মায়াজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আয়োজকেরা জানান, যুব সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়াচর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক ঐক্য গড়ে তুলতে সহায়তা করে।
তাঁরা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে সুস্থ ধারার বিনোদনে সম্পৃক্ত করতে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









