লোকজনের বসতি নেই সেখানে। কেউ না থাকলেও সেখানে নাকি অনেক গুপ্তধন আছে। সেই গুপ্তধনের লোভে পড়ে যারাই গেছে সেখানে, তাদের কেউ ফিরে আসেনি। তবুও লোভী মানুষের অভাব নেই পৃথিবীতে। রত্নদ্বীপে গুপ্তধনের সন্ধান করতে গিয়ে নিজের প্রাণ যেতে পারে জানার পরও অনেকেই সেখানে যায়। কিন্তু তারা শেষ পর্যন্ত ফিরে আসতে পারেনা।
নীল সাগরের পাশে আরশিনগর রাজ্যে বাস করতো তিন ভাই করম , রজব এবং রহম । বাবার মৃত্যুর পর তিন ভাই তার ব্যবসা-বাণিজ্যের দায়িত্ব বুঝে নিয়েছে। তারা প্রায়ই জাহাজ ভর্তি জিনিসপত্র নিয়ে ভিন রাজ্যে যায় বাণিজ্য করতে। আরশিনগর থেকে নানা ধরনের জিনিস নিয়ে অন্য রাজ্যে বিক্রি করে বেশ ভালো আয় করে তারা।
বড় দুই ভাই করম ও রজব বেশ লোভী এবং অসৎ স্বভাবের। মানুষজনকে সুযোগ পেলেই ঠকায় তারা নানাভাবে। অনেক সম্পত্তি, টাকা-পয়সার মালিক হলেও তাদের লোভ কমেনা। বরং দিনে দিনে তা বেড়েই চলে। লোভকে দমন করতে পারেনা কোনোভাবেই।
বড় দুই ভাইয়ের সম্পূর্ণ বিপরীত স্বভাব চরিত্রের মানুষ ছোট ভাই রহম । সে পরোপকারী, দয়ালু এবং সৎ। নিয়মিত ধর্মকর্ম করে। অসহায় গরীব মানুষকে সাহায্য করে সাধ্যমতো। বড় দুই ভাই করম ও রজব ছোট ভাই রহমের সততা, পরোপকারী, দয়ালু, ধার্মিক স্বভাব নিয়ে প্রায়ই খারাপ মন্তব্য করে। বিদ্রুপ করে আজে-বাজে কথা শোনায়।
বড় দুই ভাইয়ের সাথে দূর রাজ্যে বাণিজ্যে গেলে ছোট ভাই রহমকে তুলনামূলক বেশি কষ্ট করতে হয়। রাতদিন পরিশ্রম করতে হয়। অথচ ব্যবসা থেকে যা লাভ হয় তার বড় অংশটা বড় দুই ভাই নানা ছলচাতুরি করে নিয়ে নেয়।
লাভের অংশ অল্প পেলেও রহম বড় ভাইদের বিরুদ্ধে কিছু বলেনা। প্রতিবাদ করেনা। বড় ভাই গুরুজন। তাদের বিরুদ্ধে কিছু বললে অভক্তির প্রকাশ হবে। যে কারণে নীরবে করম ও রজবের সব অন্যায় মুখ বুঁজে সহ্য করে যায়। যা পায় তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করে।
একবার জাহাজে করে দূর রাজ্যে বাণিজ্য শেষে দেশে ফেরার সময় ঝড়ের কবলে পড়ে তিন ভাই করম, রজব এবং রহম । প্রচণ্ড ঝড়ে তাদের জাহাজ পথ হারিয়ে অচেনা এক দ্বীপে গিয়ে আটকায়। জাহাজ থেকে তিন ভাই দ্বীপে নামলে সেখানে কোনো মানুষজন না দেখে ভীষণ অবাক হয়।
হঠাৎ একটি ভাঙা কুঁড়েঘরে একজন বৃদ্ধকে দেখে এগিয়ে যায় তারা। বৃদ্ধটি তিন আগন্তুককে দ্বীপে আসার কারণ জানতে চাইলে তারা বলে, ঝড়ে পথ হারিয়ে এই অচেনা দ্বীপে চলে এসেছে।
কমল বৃদ্ধের কাছে অচেনা দ্বীপের নাম জানতে চাইলে তিনি বলেন, ‘এটা হলো রত্নদ্বীপ। এখানে আমি ছাড়া আর কেউ থাকেনা। আমি এই দ্বীপে আছি অনেক অনেক বছর ধরে। এই দ্বীপে অনেক গুপ্তধন লুকানো অবস্থায় আছে। আমি সেই গুপ্তধন পাহারা দিচ্ছি।’
রত্নদ্বীপের গুপ্তধনের কথা শুনে করম ও রজবের চোখমুখ লোভে চিকচিক করে ওঠে। তারা মনে মনে ভাবে, এই রত্নদ্বীপের লুকানো গুপ্তধনের সন্ধান যদি পাওয়া যায় তাহলে আর জাহাজ নিয়ে কষ্ট করে ভিন দেশে বাণিজ্য করতে যেতে হবেনা। ঘরে বসে পায়ের ওপর পা তুলে চৌদ্দপুরুষ আরামে, বিনা পরিশ্রমে দিন কাটাতে পারবে।
‘আচ্ছা, তুমি কি আমাদের গুপ্তধনের সন্ধান দিতে পারবে? যদি আমরা গুপ্তধন খুঁজে পাই তোমাকে তার কিছু অংশ দেবো’। করম বৃদ্ধকে প্রস্তাব দেয়।
করমের প্রস্তাব শুনে রত্নদ্বীপের পাহারাদার বৃদ্ধ বলেন, ‘সাবধান, তেমন লোভ করতে যেওনা তোমরা। যদি লোভ কর তাহলে মহাসর্বনাশ হবে তোমাদের। যে রত্নদ্বীপের গুপ্তধনের লোভে এখানে এসেছে, সে প্রাণ নিয়ে ফিরে যেতে পারেনি। এখানেই তাদের মৃত্যু হয়েছে করুণভাবে। অনেক কষ্ট পেয়ে তারা মারা গেছে। তাদের লাশও খুঁজে পাওয়া যায়নি। তোমরাও সেই গুপ্তধনের লোভ করতে যেওনা। লোভে পাপ, আর পাপে মৃত্যু— কথাটা মনে রাখবে তোমরা সব সময়'।
বৃদ্ধ পাহারাদারের সাবধানবাণী শুনে তিন ভাই করম , রজব এবং রহম জাহাজে চড়ে নিজ রাজ্যে ফিরে আসে। রহম এমনিতেই সহজ-সরল, সাদাসিধে মানুষ। তার মধ্যে লোভ-লালসা বাসা বাঁধেনি কখনও। পাড়া-প্রতিবেশি, আত্মীয়-স্বজনদের উপকারে, যে কোনো বিপদে ছুটে যাওয়া তার স্বভাব।
অথচ তার বড় দুই ভাই ধনী হওয়ার পরও পরের ধন সম্পত্তির লোভ করে। পাড়া প্রতিবেশি, আত্মীয়, পরিজনদের কোনোরকম উপকার করেনা। নিজের স্বার্থটাই বড় করে দেখে সব সময়। তাদের কাছ থেকে কেউ কোনো সাহায্য-সহযোগিতা পায়না।
রত্নদ্বীপ থেকে বাড়ি ফিরে আসার পর করম ও রজব মনে মনে নানা ফন্দি আটতে লাগলো, কীভাবে রত্নদ্বীপের গুপ্তধন খুঁজে বের করে জাহাজ ভর্তি করে নিয়ে আসবে।
কয়েকদিন পর এক সকালে বাকি দুই ভাইকে না জানিয়ে লুকিয়ে কয়েকজন মাঝিমাল্লাসহ বড় ভাই করম নিজের জাহাজ নিয়ে রত্নদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে। রত্নদ্বীপ পৌঁছুতেই বৃদ্ধ পাহারাদারের মুখোমুখি হয় সে।
তার মতলব টের পেয়ে বৃদ্ধ পাহারাদার আবার সাবধান করলেন তাকে, ‘তোমাকে আবারও বলছি, গুপ্তধনের লোভ করোনা। নিজের বিপদ ডেকে এনোনা। অকালে প্রাণটা হারাও, আমি চাইনা। তাই বলছি, তুমি তোমার লোকজনসহ ফিরে যাও।’
করম বৃদ্ধ পাহারাদারের সাবধানবাণী না শুনে তার মাঝি-মাল্লাসহ গুপ্তধনের সন্ধানে পুরো রত্নদ্বীপ চষে বেড়াতে লাগলো।
এক জায়গায় একটি গর্ত দেখে তার মনে হলো, গর্ত খুঁড়লেই হয়তো পাওয়া যাবে গুপ্তধন। যেই ভাবা সেই কাজ। সাথের মাঝি-মাল্লাদের নিয়ে গর্ত খুঁড়তে শুরু করলো তারা। এভাবে তারা খুঁড়তে অনেক নিচে চলে গেল। কিন্তু গুপ্তধনের চিহ্নও খুঁজে পেলনা। এভাবে দিন গড়িয়ে সন্ধ্যে নেমে এলো। গুপ্তধন না পেয়ে হতাশ হলো তারা। সেই গর্ত থেকে বেরিয়ে আসার কথা মনে পড়তেই ফিরে আসার চেষ্টা শুরু করলো । কিন্তু ততক্ষণে গর্তের আশে-পাশের পাথর আর মাটি ভেঙে পড়তে শুরু করেছে। অল্প কিছুক্ষণের মধ্যে পাথর আর মাটিতে বিশাল গর্তটির মুখ পর্যন্ত ভর্তি হয়ে গেল।
গর্তের ভেতরে অনেক গভীরে গুপ্তধনের সন্ধানে আসা করম তার সাথের লোকজনসহ মাটির নিচে চাপা পড়লো। সেখান থেকে তাদের আর্তচিৎকার বাইরে থেকে কেউ শুনতে পেলনা। এভাবেই রত্নদ্বীপে গুপ্তধনের লোভে আসা করম তার লোকসজনসহ মাটি চাপ পড়ে মৃত্যুবরণ করলো।
বড় ভাই করমের রহস্যজনক অর্ন্তধানে ছোট দুই ভাই রজব এবং রহম কষ্ট পেলেও তাদের কেউ জানতে পারলোনা গুপ্তধনের লোভে রত্নদ্বীপে গিয়ে গর্তের মধ্যে মাটিচাপা পড়ে করমের মৃত্যুর খবর।
অল্প কয়েকদিন পর মেজ ভাই রজবও বড় ভাই করমের মত গুপ্তধনের খোঁজে তার নিজস্ব জাহাজ নিয়ে রত্নদ্বীপে গিয়ে পৌঁছুলো। জাহাজ থেকে দ্বীপে নামতেই রজবও বৃদ্ধ পাহারাদারের মুখোমুখি হলো। এবারও যথারীতি তাকে সাবধান করলেন পাহারাদার। কিন্তু তার কথাকে পাত্তা না দিয়ে রজব তার জাহাজের মাঝি-মাল্লাদের নিয়ে রত্নদ্বীপের আনাচে-কানাচে গুপ্তধনের সন্ধানে ব্যস্ত হয়ে পড়লো। সাগর পাড়ে একটি বড় গর্ত দেখে মনে হলো, গর্তের মধ্যে অনেক গুপ্তধন লুকানো আছে। দেরি না করে গর্ত খুঁড়তে শুরু করলো রজবের লোকজন তার নির্দেশে। সাগর পাড়ের বালি সরাতে সরাতে অনেকটা গভীরে নামতেই হঠাৎ চারদিক থেকে পানির তীব্র স্রোত ছুটে আসতে শুরু করলো। কয়েক মিনিটের মধ্যে পানির মধ্যে তলিয়ে অদৃশ্য হয়ে গেল রজব এবং তার সাথের সবাই। বাঁচার অনেক চেষ্টা করেও তারা ব্যর্থ হলো। তাদের বাঁচার চেষ্টা এবং আর্তচিৎকার কোনো কাজে এলোনা। কেউ জানতে পারলোনা রত্নদ্বীপের সৈকতে বালির নিচে পানির স্রোতে তলিয়ে অদৃশ্য হয়ে যাওয়া কিছু মানুষের বেদনাদায়ক মৃত্যুর কথা।
হঠাৎ বড় দুই ভাই নিখোঁজ হওয়ায় চিন্তিত হলো ছোট ভাই রহম । কাউকে না জানিয়ে তারা কোথায় গেল? অনেক চিন্তা-ভাবনা করে রহম অনুমান করলো, গুপ্তধনের লোভে বড় দুই ভাই করম ও রজব হয়তো রত্নদ্বীপে যেতে পারে। কারণ, কিছুদিন আগে ঝড়ের কবলে পড়ে পথ হারিয়ে জাহাজ নিয়ে তারা তিনভাই একসঙ্গে সেখানে গিয়েছিল। সেখানে গুপ্তধনের খবর জেনে লোভে তাদের মধ্যে করম ও রজবের চোখ-মুখ চিকচিক করছিল।
রহম বড় দুই ভাইয়ের স্বভাব-চরিত্র সম্পর্কে জানে ভালো করে। দ্বীপের বৃদ্ধ পাহারাদার তাদের সবাইকে সাবধান করেছিলেন দ্বীপের গুপ্তধনের লোভ না করার জন্য। গুপ্তধনের লোভে যারা রত্নদ্বীপে গেছে তাদের কেউ প্রাণ নিয়ে ফিরে আসতে পারেনি। রহমের বিন্দুমাত্র লোভ জাগেনি গুপ্তধনের জন্য। বড় দুই ভাই হঠাৎ নিখোঁজ হওয়ায় তার মনে সন্দেহ হলো, করম ও রজব রত্নদ্বীপে গিয়ে বিপদে পড়লো না তো!
বড় ভাইদের খোঁজে রহম একাকী তার জাহাজ নিয়ে রত্নদ্বীপ রওনা হলো একদিন ।
দ্বীপে এসে নামতেই সামনে বৃদ্ধ পাহারাদারকে দেখতে পেলো সে ।
বৃদ্ধ তাকে দেখে হাসলেন।
‘ওহ, তুমিও তোমার বড় দুই ভাইয়ের মতো এসেছ গুপ্তধনের অনুসন্ধানে। তোমাদেরকে তো সাবধান করেছিলাম প্রথম দিনেই। এরপরও তোমার বড় দুই ভাই আলাদাভাবে এলো গুপ্তধনের লোভে। আমি অনেক সাবধান করেছিলাম তাদের। কিন্তু তারা তো শুনলোনা আমার কথা। শেষ পর্যন্ত তুমিও তাদের পথে পা বাড়ালে বাছা। অনেক কষ্ট হয় তোমাদের জন্য। আমি সব সময়ে বলি, বেশি লোভ করোনা, লোভে পাপ আর পাপে হয় মৃত্যু। বলে দিলাম, এই তিন সত্যি’।
বৃদ্ধ পাহারাদারের কথায় রাগ না করে ভদ্র এবং বিনয়ের সাথে রহম বললো, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি গুপ্তধনের খোঁজে রত্নদ্বীপে আসিনি। ওসবে আমার কোনো লোভ নেই। আমার যা আছে তাতেই আমি সন্তুষ্ট এবং খুশি। এর বেশি কিছু আমার প্রয়োজন নেই।’ ‘তাহলে এখানে কেন এসেছ তুমি?’ বৃদ্ধ জানতে চায় তার কাছে।
‘আসলে আমি আমার নিখোঁজ বড় দুই ভাইকে খুঁজতে এসেছি এই দ্বীপে। তাদের মতো গুপ্তধনের লোভে আমি এখানে একা একা আসিনি। তাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে চাই আমি’, রহম জবাব দেয়।
‘তাদেরকে তো তুমি আর খুঁজে পাবেনা। তারা হারিয়ে গেছে অতি লোভে পাপ করে।’ বলতে বলতে হাসতে থাকেন বৃদ্ধ পাহারাদার।
তারপর সেখান থেকে চলে যেতে বলেন,‘রোদে জ্বলে দাঁড়িয়ে সেথায়, ভরদুপুরে হেলে পড়ে ডাকে, কাছে আয়'। বৃদ্ধের কথাগুলো কেমন অদ্ভুত, রহস্যময় মনে হয় রহমের কাছে। তিনি এই শ্লোকের মাধ্যমে তাকে কিছু ইঙ্গিত করে বলতে চাইছেন কী?
কিছুক্ষণ ধরে নিজে নিজে চিন্তা-ভাবনা করে কোনো কুল-কিনারা পেলনা সে। তার কথার মাথামুণ্ডু কিছুই বুঝতে পারলোনা রহম । বৃদ্ধের কথা শুনে এটা বুঝতে পারলো, বড় দুই ভাইকে আর খুঁজে পাওয়া যাবেনা। তারা গুপ্তধনের লোভে পড়ে রত্বদ্বীপ এসে অকালে প্রাণ হারিয়েছে। বড় ভাইদের শোকে কিছুক্ষণ মন খারাপ করে সে বসে রইলো একটা বড় পাথরের চাইয়ের ওপর। তারপর হঠাৎ কী মনে করে হেঁটে হেঁটে দ্বীপটা দেখতে লাগলো। দ্বীপে গাছ-পালা বলতে কিছু নেই।
হঠাৎ দূরে একটা নারিকেল গাছ চোখে পড়লো রহমের। ওটার কাছেই পাহাড়ে একটা গুহা রয়েছে। নারিকেল গাছের নিচে দাঁড়িয়ে দেখলো সে, সূর্যের আলোতে সেই গাছের লম্বা ছায়া গিয়ে পড়েছে পাথরের গুহার মুখে। তখন হঠাৎ মনে পড়লো বৃদ্ধ পাহারাদারের রহস্যময় কয়েকটি লাইনের শ্লোক—
‘রোদে জ্জ্বলে দাঁড়িয়ে সেথায়, ভরদুপুরে হেলে পড়ে ডাকে, কাছে আয়’ হঠাৎ রহমের মাথায় একটা বুদ্ধি খেলে যায়।
নারিকেল গাছের লম্বা ছায়াটি গিয়ে পড়েছে পাথরের গুহার মুখে, সেখানেই একটি দরজা দেখা যাচ্ছে। কৌতূহলী হয়ে গুহার মুখে দরজার কাছে গিয়ে তাতে হালকা চাপ দিতেই খুলে যায়। ব্যাপারটা রহস্যময় মনে হয় তার কাছে। ভয়ে গা ছম ছম করে ওঠে। এবার ফিরে চলে আসতে মন চাইলেও অজানা কৌতূহলে গুহার দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে রহম। অল্প কিছু পথ যেতেই সামনেই গুহার ভেতরে থরেথরে সাজানো মূল্যবান সোনাদানা, হীরা-জহরত, মনি-মানিক্য, স্বর্ণমুদ্রা দেখতে পায়।
রত্নদ্বীপের এই গুহায় লুকিয়ে থাকা বিশাল গুপ্তধনের সন্ধান পেলেও রজত সেগুলোর প্রতি মোটেও লোভী হয় না। হাত দিয়ে ছুঁয়ে দেখলেও একটিও নেয়না।
খালি হাতে গুহা থেকে বেরিয়ে আসতে পা বাড়াতেই হঠাৎ তার সামনে সেই বৃদ্ধ পাহারাদার এসে দাঁড়ায়।
‘তুমি খালি হাতে কেন ফিরে যাচ্ছো বাছা ? আজ এই মুহূর্ত থেকে সব গুপ্তধনের মালিক তো তুমি। এসবই তোমার। তুমি
সব গুপ্তধন নিয়ে যেতে পারো—’
বৃদ্ধ পাহারাদারের কথায় চমকে ওঠে রহম। কী বলছেন তিনি? তার মাথায় কিছুই তো ঢুকছেনা।
‘আপনি কী বলছেন বুঝতে পারছিনা? এই গুপ্তধন আমার হলো কীভাবে?
‘শোনো, এই দ্বীপে এতোদিন গুপ্তধনের লোভে অনেকেই পা রেখেছে। একমাত্র তুমিই লোভ করোনি। তুমি এখানে এসেছ তোমার হারিয়ে যাওয়া বড় দুই ভাইয়ের খোঁজে। গুহায় ঢুকে দামি মূল্যবান হীরা-জহরত, মনি-মানিক্য, স্বর্ণমুদ্রা ইত্যাদি দেখেও তোমার মধ্যে কোনো লোভ জাগেনি। এর মধ্য থেকে একটিও তুমি নিজের জন্য তুলে নেওনি। খালি হাতে ফিরে যাচ্ছো। তোমার মতো নির্লোভ, সৎ, পরোপকারী মানুষের অপেক্ষায় ছিল এতোদিন রত্নদ্বীপের সব গুপ্তধনগুলো। আজ থেকে এগুলো শুধু তোমার। তুমি তোমার জাহাজভর্তি করে সব গুপ্তধন নিয়ে যেতে পারো। কেউ তোমাকে বাধা দেবেনা।’
একটানা কথাগুলো বলতে গিয়ে হাঁপিয়ে যান বৃদ্ধ ।
রহম বৃদ্ধের কথা শুনে আনন্দে, উচ্ছ্বাসে উত্তেজনায় কেঁদে ফেলে। বড় দুই ভাইয়ের জন্য অনেক দুঃখ হয় তার। যে গুপ্তধনের লোভে রত্নদ্বীপে এসে অকালে প্রাণ দিলো তারা সেই গুপ্তধন এখন তার নিজের হাতে। শুধুমাত্র লোভের কারণে তাদের প্রাণ হারাতে হলো। সে লোভ না করায়, সৎ এবং পরোপকারী হওয়ায় পুরস্কার হিসেবে সব গুপ্তধনের মালিক হয়েছে।
রহম সিদ্ধান্ত নেয়, মূল্যবান হীরা-জহরত, মণি-মানিক্য, স্বর্ণমুদ্রা, অলঙ্কার জাহাজভর্তি করে আরশিনগর রাজ্যে ফিরে তা বিক্রি করে গরীব-দুঃখী, অসহায়, অভাবগ্রস্ত মানুষের উপকারে বিভিন্ন কাজ করবে। উপদেশঃ বেশি লোভ করোনা, লোভে পাপ আর পাপে হয় মৃত্যু। বলে দিলাম, এই তিন সত্যি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









