মৌলভীবাজারের কুলাউড়ায় ভাটেরা রাবার বাগানের ছড়া থেকে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ৫ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ভাটেরা রাবার বাগান শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভাটেরা রাবার বাগানের ঘাঘরাছড়া এলাকায় অভিযান পরিচালনা করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত কামাল উদ্দিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রাবার বাগানের ঘাঘরাছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। উত্তোলিত বালু ইসলামনগর এলাকার একটি সরকারি ঘরের পাশে পানির ট্যাংকের কাছে মজুত করে রাখা হয়েছিল। পরে অভিযান চালিয়ে ওই স্থান থেকে প্রায় ৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
অভিযানকালে কুলাউড়া থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
এ বিষয়ে কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস বলেন, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। বালু জব্দের পাশাপাশি অভিযুক্ত কামাল উদ্দিনের বিরুদ্ধে কুলাউড়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









