পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দৈহারী ইউনিয়ন সভাপতি সুদর্শন মন্ডলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার দৈহারী ইউনিয়নের গণকপাড়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সুদর্শন মন্ডল দৈহারী ইউনিয়নের গণকপাড়া বাজারসংলগ্ন এলাকায় বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার ৮ নম্বর এজাহারভুক্ত আসামি। মামলা দায়েরের পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকার পাশাপাশি সুদর্শন মন্ডল দৈহারী ইউনিয়ন কমিউনিটি সেন্টারে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন। চাকরির পাশাপাশি তিনি ইউনিয়নের বিভিন্ন মানুষকে হয়রানিসহ নানা কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলেও অভিযোগ করেন তাঁরা। তাঁদের দাবি, ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি বাড়িতে ফিরে বিভিন্ন ষড়যন্ত্রে যুক্ত হওয়ার চেষ্টা করছিলেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তাঁর ভাই সুব্রত মন্ডল। তিনি বলেন, রাজনৈতিক বিরোধের জেরে সুদর্শনকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে।
গ্রেপ্তার সুদর্শন মন্ডল দৈহারী ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বিপদ রঞ্জন মন্ডলের ছেলে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদি হাসান বলেন, সুদর্শন মন্ডলের বিরুদ্ধে বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলা রয়েছে। তিনি ওই মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। সোমবার বিকেল ৩টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









