পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত এক কর্মকর্তার স্ত্রীর দায়ের করা চাঁদাবাজি মামলায় ফরিদপুরের চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৯ নভেম্বর) দুপুরে ঢাকার ১৫ নম্বর সিএমএম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক নাজমিন আক্তার তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (৪০), ওবায়দুল মোল্যার ছেলে ওয়াহিদুজ্জামান মোল্যা (৪৭), সালথা উপজেলার মাঝারদিয়া পূর্বপাড়া গ্রামের সাকিবুল ইসলাম সাকিব (৩২) এবং রাজবাড়ী জেলা সদরের পাঠশালকাঠি এলাকার মুরাদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (৩৫)।
মামলার অভিযোগে বলা হয়েছে, তাঁরা ফরিদপুর শহরে বসবাস করে ফরিদপুর ও রাজবাড়ী জেলায় সাংবাদিক ও বিএনপি নেতা পরিচয় দিয়ে ফেসবুক ব্লগ ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ব্ল্যাকমেল ও চাঁদাবাজি করে আসছিলেন।
মামলার বাদী ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকার বাসিন্দা আয়শা আক্তার (২৬)। তিনি পুলিশের সিআইডিতে কর্মরত কর্মকর্তা মো. রাজ্জাক হোসেন খানের স্ত্রী। ঢাকার সিএমএম আদালতে দায়ের করা মামলার অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৬ জুন আসামিরা সাংবাদিক পরিচয়ে তাঁর কাছে ৩ লাখ টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে তাঁর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের ভয়ভীতি দেখানো হয়।
অভিযোগে আরও বলা হয়, টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা দীর্ঘদিন ধরে তাঁকে ও তাঁর স্বামীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করতে থাকেন। তাঁকে পতিতা এবং তাঁর স্বামীকে ঘুষখোর হিসেবে আখ্যায়িত করে প্রচারণা চালানোর অভিযোগও করেন বাদী। পরে গত ৬ অক্টোবর তাঁর মোবাইল ফোনে কল করে এক আসামি ৫০ লাখ টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না দেওয়ায় পরিবারের সদস্যদের নিয়েও ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, এ মামলায় এর আগে আসামিরা আদালত থেকে জামিন পেয়েছিলেন। তবে জামিনে মুক্ত হওয়ার পর তাঁরা আবারও বাদীকে হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখাতে থাকেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে পরে ফরিদপুর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন বাদী।
বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার আসাদুজ্জামান জানান, আসামিরা আদালতে হাজির হলে রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষের আইনজীবীরা তাঁদের জামিনের বিরোধিতা করেন। শুনানিতে তাঁরা বলেন, আসামিরা পেশাদার সাংবাদিক নন; বরং সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে চাঁদাবাজিতে জড়িত। তাঁদের জামিন দেওয়া হলে মামলার সাক্ষী ও তথ্যপ্রমাণ প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









