সিলেটে দুই যুবকের কাছ থেকে পুলিশের ওয়াকিটকি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধারের ঘটনায় কোম্পানীগঞ্জ থানার ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল আলমকে সাময়িকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাকে সিলেট জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
এর আগে, গত সোমবার রাতে নগরীর বাইপাস সড়ক এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকারে তল্লাশি চালায় পুলিশ। এ সময় গাড়ি থেকে একটি ওয়াকিটকি ও একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়। এ ঘটনায় গাড়িতে থাকা দুই যুবককে আটক করে পুলিশ।
আটকরা হলেন— কোম্পানীগঞ্জ উপজেলার গণঅধিকার পরিষদের আহ্বায়ক লিটন মিয়া ও ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির বালু পাথরের লাইনম্যান হিসেবে পরিচিত জুনায়েদ আহমদ। এ ঘটনায় মঙ্গলবার তাদেরকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, জব্দ করা প্রাইভেটকার ও ওয়াকিটকি ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল আলমের বলে নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি স্বীকারও করেছেন এসআই কামরুল।
এ প্রসঙ্গে কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, ‘পুলিশের ওয়াকিটকি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধারের ঘটনায় ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল আলমকে ক্লোজড করে সিলেট জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









