পিরোজপুরের ভান্ডারিয়ায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা সিয়াম (নাম জানা গেছে) নামে এক হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাহক ও লিসা পরিবহণের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন হেলপার সিয়াম। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তিনি আর বের হতে পারেননি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা বাসস্ট্যান্ডে আসে। পরে বাস দুটিতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।
এদিকে আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যরা আশপাশের বাসে ঘুমিয়ে থাকা লোকজনকে দ্রুত জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাস থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, লিসা পরিবহণের মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার। অন্যদিকে বাহক পরিবহণের মালিক ঝালকাঠির অমিত পাল।
কারা এবং কী কারণে বাস দুটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









