দেশের আইপি টিভি ও অনলাইন পোর্টালগুলোকে একটি নীতিমালার আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নান্দাইল প্রেস ক্লাব পরিদর্শন এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয়ে বসে বুঝতে পারছি গত ১৭ বছর কীভাবে মন্ত্রণালয় চলেছে। যেভাবে পারা যায় সেই ভাবে অনিয়ম ও দুর্নীতি করে পরিচালনা করা হয়েছে। কোনো নিয়মনীতির তোয়াক্কা করা হয়নি। এখন সবই চলবে নিয়মের ওপর।’
তিনি আরো বলেন, ‘দেশের আইপি টিভি ও অনলাইন পোর্টালগুলোকে একটি নীতিমালার আওতায় আনা হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এ বিষয়ে কথা হয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘একটি মোবাইল ফোনকে সম্বল করে যারা অনলাইন পোর্টাল চালাচ্ছেন, তাদেরকে সরকারি নীতিমালা মেনে কাজ করতে হবে। তারেক রহমানের সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করতে চায় না। কারণ স্বাধীন গণমাধ্যম গণতন্ত্র বিকাশে অপরিহার্য বলে মনে করেন প্রধানমন্ত্রী।’
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তিনদিনের সরকারি সফরে বৃহস্পতিবার নান্দাইলে আসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নান্দাইলে এটি তার প্রথম সফর। নান্দাইলে পৌঁছার পর জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে পুলিশের একটি চৌকষ দল প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। সেখানে উপস্থিত ছিলেন নান্দাইলের ইউএনও ফাতেমা জান্নাত।
প্রটোকল শেষে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা প্রতিমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। পরে তিনি চৌরাস্তায় অবস্থিত নান্দাইল প্রেস ক্লাব পরিদর্শন করেন। সম্মিলিত সাংবাদিক সমাজ, নান্দাইল ও গফরগাঁও প্রেস ক্লাবের পক্ষ থেকে মাননীয় প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। সেখানে তিনি বক্তব্য প্রদানের সময় সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে প্রশিক্ষণ ও কল্যাণ তহবিল থেকে নীতিমালা অনুযায়ী সহায়তা প্রদানের আশ্বাস দেন।
প্রতিমন্ত্রী পরে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাদের নানা পরামর্শ ও নির্দেশনা দেন। পরে তিনি নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









