সুনামগঞ্জের জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে নবনির্মিত থানা ভবনের উদ্বোধন করা হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ থানা ভবন চালুর মধ্য দিয়ে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং সাধারণ মানুষের পুলিশি সেবার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অতিথিরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে থানা ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কয়ছর আহমেদ বলেন, সমাজ থেকে মাদক ও অনলাইন জুয়া কঠোরভাবে নির্মূল করতে হবে। এ জন্য পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোনো অপরাধীর রাজনৈতিক পরিচয় থাকবে না উল্লেখ করে তিনি বলেন, অপরাধীর একমাত্র পরিচয় সে অপরাধী। আইনের চোখে সবাই সমান, অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, মাদক নির্মূলে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ জনগণের পাশে রয়েছে। জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সবাইকে সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার গুরুত্ব তুলে ধরেন।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত কুমার চন্দ বলেন, সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তিতে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানুষ যেন নির্ভয়ে থানায় এসে প্রয়োজনীয় সেবা ও আইনি সহায়তা নিতে পারেন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হতে হবে।
সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন। স্বাগত বক্তব্য দেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান।
এ ছাড়া বক্তব্য দেন সুনামগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সুহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাস্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র গোলাম মর্তুজা, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী সুফি মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং জগন্নাথপুর থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আজমল হোসাইন জামী এবং গীতা পাঠ করেন গৌতম দত্ত।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








