পদ্মা সেতু এলাকায় সম্ভাব্য নাশকতা, বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ এড়াতে টানা ৭২ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছেন শরীয়তপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সেতুর দক্ষিণ প্রান্তসহ আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে দিন-রাত পালাক্রমে নজরদারি করছেন তাঁরা। শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলামের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গত ১৬ নভেম্বর পদ্মা সেতু এলাকায় বিক্ষোভ ও পথসভা থেকে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি নেতারা। এরই ধারাবাহিকতায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের জাজিরা টোল প্লাজা, ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এবং আশপাশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অবস্থান নেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিশেষ করে সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের নেতৃত্বে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী সেতু এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন। তাঁরা পালাক্রমে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
বিএনপি নেতাকর্মীদের দাবি, লকডাউনের নামে কেউ যাতে নাশকতা, অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা কিংবা সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যেই তাঁদের এ অবস্থান কর্মসূচি। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের রাজধানীর সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে তাঁরা কাজ করছেন।
এ বিষয়ে সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যাতে লকডাউন কর্মসূচির নামে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে, সে জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছেন। জনগণের জানমাল ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন।
এদিকে বিএনপি নেতাকর্মীদের সতর্ক অবস্থানের মধ্যেও পদ্মা সেতুতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন ধরনের যানবাহন নির্বিঘ্নে সেতু পারাপার হচ্ছে।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, পদ্মা সেতু ও আশপাশের এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত সেতুতে যানবাহন চলাচলে কোনো ধরনের বিঘ্ন কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








