বরিশালে নিখোঁজের দুই দিন পর সিনিয়র সহকারী সিভিল জজ শেখ ফারহান নাদিমকে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তাঁকে উদ্ধার করা হয়। তিনি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার। তিনি জানান, নিখোঁজ বিচারক একাই ঘুরতে কুয়াকাটায় গিয়েছিলেন। তাঁর সঙ্গে অন্য কেউ ছিলেন না। মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে উদ্ধারের পর তাঁর শারীরিক অবস্থা স্বাভাবিক পাওয়া গেছে।
শেখ ফারহান নাদিম বরিশালের মেহেন্দিগঞ্জ ও উজিরপুর আদালতে সিনিয়র সহকারী সিভিল জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন। তাঁর গ্রামের বাড়ি খুলনায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় আদালতের কাজ শেষে বের হওয়ার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ওই দিন রাত ১০টার দিকে নগরীর বাংলাবাজার এলাকার একটি সিসিটিভি ক্যামেরায় তাঁকে সর্বশেষ দেখা যায়। এরপর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় বুধবার বিকেল ৪টা ১৫ মিনিটে আদালতের নাজির সৈয়দ মাইনুল হোসেন বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিশেষ দল গঠন করে তাঁর সন্ধানে অনুসন্ধান শুরু করে।
অনুসন্ধানে পুলিশ জানতে পারে, নিখোঁজ হওয়ার দিন তিনি ইসলামী ব্যাংক থেকে পাঁচ হাজার টাকা উত্তোলন করেন। পরে একটি রিকশায় করে যাত্রা করেন। নগরীর আলেকান্দা ও আমতলা এলাকায় তাঁর সর্বশেষ অবস্থানের তথ্য পাওয়া যায়।
দুই দিন অনুসন্ধানের পর বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে তাঁকে উদ্ধার করা হয়।
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, বিচারক শেখ ফারহান নাদিম একাকী ঘুরতে কুয়াকাটায় গিয়েছিলেন। তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় পুলিশ উদ্বিগ্ন হয়ে পড়ে। তবে তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।
এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








