কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন রাজনীতির পথ ছেড়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ‘‘দলটির কর্মকাণ্ডে কোনো রাজনৈতিক কর্মসূচির প্রতিফলন নেই। তাদের একমাত্র চর্চা সন্ত্রাস। দেশের মানুষ তাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ক্ষমতা থেকে বিতাড়িত করেছে। এরপরও তারা বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।’’
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ১৭-১৮ বছর ধরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। নিজেদের পছন্দের লোকজনকে গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়ে লুটপাট ও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের সুযোগ করে দিয়েছে। দীর্ঘদিনের অপশাসন ও অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে তাদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। এত বছর ধরে তারা বিপুল অর্থ ও সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে। এখন বিভিন্ন স্থানে লুকিয়ে থেকে বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে।’’
তিনি বলেন, ‘‘বিএনপি দীর্ঘ ১৭-১৮ বছর বিরোধী দলে থেকে পুলিশের অত্যাচার, গুম, খুন ও অসংখ্য মামলার মুখেও রাজপথ ছাড়েনি। অথচ আওয়ামী লীগের কোনো স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি নেই। তাদের কর্মকাণ্ডে রাজনীতির কোনো চিহ্ন নেই, আছে শুধু সন্ত্রাস।’’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘‘আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস মোকাবিলায় রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোথাও কোনো নাশকতাকারীর সন্ধান পেলে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। অপরাধীদের বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করতে হবে।’’
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
মিছিল ও সমাবেশে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








