‘জয় বাংলা’ এখন পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, ‘‘সারা দেশে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটছে। ককটেল বিস্ফোরণ কিংবা আগুন দেওয়ার পর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যাচ্ছে। তাদের কর্মকাণ্ড এখন কার্টুনের মতো হয়ে গেছে।’’
শুক্রবার (২০ নভেম্বর) সিলেট সফরে গিয়ে সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘‘আওয়ামী লীগ এখন আর আওয়ামী লীগ নেই, এটি ‘সন্ত্রাসী লীগে’ পরিণত হয়েছে। দলটির নেত্রী শেখ হাসিনা দল ও পরিবার দুটিই ধ্বংস করেছেন। এখন দলের ভেতরে থাকা নেতাকর্মীরা অন্যদেরও বিপদে ফেলার চেষ্টা করছেন। তাদের মধ্যে এমন মনোভাব কাজ করছে যে, তিনি পালিয়ে গেছেন, তাই দেশে থাকা অন্যরাও যেন ভালো থাকতে না পারেন।’’
সিলেটে নিজের বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে হুমায়ুন কবির বলেন, ‘‘ভোর পাঁচটার দিকে বাসায় আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।’’ এ প্রসঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, ‘‘বিড়ালও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, এরপর দৌড় দেয়। তাদের অবস্থা এমন হয়েছে, ‘জয় বাংলা’ বলেই দৌড় দেয়।’’
হুমায়ুন কবির বলেন, ‘‘সন্ত্রাসীদের কীভাবে মোকাবিলা করতে হয়, তা দেশের মানুষ জানে। সরকারও তা জানে। সরকার সহনশীলতার নীতি অনুসরণ করছে। তবে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হলে সরকার তা নিতে দ্বিধা করবে না। বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো স্থান নেই।’’
তিনি আরও বলেন, ‘‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এখন ভালো পথে এগিয়ে যাচ্ছে। দেশের রাজনৈতিক ও কূটনৈতিক নেতৃত্ব উজ্জ্বল হচ্ছে। বিদেশি বিনিয়োগ আসছে এবং মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে। এই অগ্রযাত্রায় একটি ক্ষুদ্র গোষ্ঠী বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বাধা সৃষ্টির চেষ্টা করছে। তবে শেষ পর্যন্ত এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেরাই বিলীন হয়ে যাবে।’’
নিজের বাসায় আগুন দেওয়ার ঘটনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘‘আগুন জ্বালিয়ে ‘জয় বাংলা’ বলে পালিয়ে গেছে। আজ সিলেট থেকে অনেক অতিথি এসেছেন। আমার পক্ষে সব সময় সবাইকে একসঙ্গে দাওয়াত দেওয়া সম্ভব হয় না। আজ সবাই এসেছেন, এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’’
তিনি বলেন, ‘‘সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসী সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে টিকে থাকতে পারবে না। কখনোই পারবে না।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








