দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রমের পর দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’। বর্তমানে ভারতের উড়িষ্যা অঞ্চলে অবস্থানরত সিস্টেমটি ক্রমশ উত্তর-পূর্ব দিকে এগিয়ে বাংলাদেশের রাজশাহী বিভাগের কাছাকাছি পৌঁছাতে পারে। এর প্রভাবে আগামী দুই দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এক পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি আরও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হওয়ার পর রাজশাহী বিভাগের কাছাকাছি অবস্থান করতে পারে। এতে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন ঘটার পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগ ও দেশের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
বিডব্লিউওটি জানায়, দুর্বল হয়ে পড়া সিস্টেমটি লঘুচাপ অথবা ঘূর্ণাবর্ত হিসেবে বাংলাদেশের উত্তরাঞ্চল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সৃষ্ট বৃষ্টিবলয় আগামী ২৩ নভেম্বরের মধ্যে অনেকটাই দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ওই দিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত বন্ধ হতে পারে।
তবে বৃষ্টিবলয়ের অবশিষ্ট প্রভাব পুরোপুরি কেটে যেতে আরও এক দিন সময় লাগতে পারে। সংস্থাটির ধারণা, আগামী ২৪ নভেম্বর নাগাদ দেশের প্রায় সব অঞ্চল থেকেই বৃষ্টিবলয়টির প্রভাব বিদায় নেবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








