গাজীপুরের গাছা থানাধীন বোর্ড বাজার বিআরটি লেনে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলে সংঘর্ষে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ) সকাল আনুমানিক ৭টা ৩০ থেকে ৭টা ৪০ মিনিটের দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা মেট্রো-ব-৪৫৬৮ নম্বরের ‘আলোকিত মধুপুর’ নামীয় একটি বাস ঢাকা অভিমুখে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা গাজীপুরগামী একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল দ্রুতগতিতে বাসের সামনে এসে বাসের নিচে ঢুকে পড়ে। এ সময় হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়।তাৎক্ষণিক মহাসড়কের মাঝখানে লেনের যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে ভোগড়া বাইপাস পেয়ারা বাগান ফায়ার স্টেশনের দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এই ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছে বলে জানা গেছে। তবে তিনি কোথায় চিকিৎসা নিচ্ছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে বাসের চালক ও হেল্পার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে "এদিন"কে বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাস মোটরসাইকেল সংঘর্ষকালে মোটরসাইকেলের ফুয়েল লিকেজ হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটছে।এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









