নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, ব্যবসায়িক সক্ষমতা উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনা বিকাশের লক্ষ্যে টাঙ্গাইলে ‘উদ্যমী নারী, সমৃদ্ধ টাঙ্গাইল’ শীর্ষক বিশেষ সেমিনার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল বিসিক শিল্পনগরী প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটো। বিসিকের ঢাকা আঞ্চলিক পরিচালক মানছুরুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নাসিব টাঙ্গাইলের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট নুরুল আলম, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, বিসিক টাঙ্গাইলের সহকারী মহাব্যবস্থাপক মেরাজ উদ্দিন এবং টাঙ্গাইল জেলা রেস্তোরাঁ ও মিষ্টান্ন ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি স্বপন ঘোষ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটো বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে নারী উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক অগ্রযাত্রার পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে বিসিকের পক্ষ থেকে নীতিগত ও কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে।
সেমিনারে নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ, পণ্যের মানোন্নয়ন, বাজারজাতকরণ ও বিপণন ব্যবস্থা, সহজ শর্তে ঋণপ্রাপ্তি এবং প্রশিক্ষণ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ ও স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরা হয়।
আলোচনা পর্ব শেষে প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে বিসিক জেলা কার্যালয়, টাঙ্গাইলের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন এলাকা থেকে আসা নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








