ঢাকার সাভারে পারিবারিক কলহের জেরে মোছাম্মৎ হাবিবা (৪৫) নামে এক নারীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার (২০ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে সাভার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বনপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের মা আনোয়ারা বেগম জানান, বাড়িওয়ালার ভাড়া পরিশোধের চাপকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়ার সৃষ্টি হয়। একপর্যায়ে রাতের খাবারের জন্য মেয়ে মেঘলাকে ডিম ভাজার কথা বলে নিজের কক্ষে চলে যান হাবিবা। পরে কক্ষের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে জানা যায়।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। পরে মরদেহ থানায় নেওয়া হয়।
নিহতের স্বামী মোহাম্মদ বাদল মিয়া পেশায় একজন অটোরিকশাচালক। তিনি জানান, মেয়ের সঙ্গে মায়ের সামান্য কথা-কাটাকাটি হয়েছিল। হাবিবা দুই সন্তানের জননী। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে বনপুকুর এলাকার মুফাসসির হকের ভাড়া বাসায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায়।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফজর আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








