বাংলাদেশে বিভিন্ন আশ্রয়শিবিরে বসবাসরত কয়েক লাখ রোহিঙ্গা গত বৃহস্পতিবার জাতিসংঘের সর্বোচ্চ আদালতের একটি ঐতিহাসিক রায় উদ্যাপন করেছে। রায়ে বলা হয়েছে, ২০১৭ সালে সামরিক অভিযান চালিয়ে মূলত মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে মিয়ানমার।
এদিকে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার জেনোসাইড বা জাতিগত নিধন চালিয়েছে বলে রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
অন্যদিকে, আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় বিপুলসংখ্যক রোহিঙ্গার দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক আদালতের রায়কে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে ঢাকা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই সংকটের একমাত্র কার্যকর সমাধান এখনো রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া।
তবে এই রায় বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে, মিয়ানমার সীমান্তের কাছে বসবাসরত ১২ লাখ রোহিঙ্গার নিজ দেশে ফিরে যাওয়ার পথ কতটা সহজ করবে, তা নিয়ে সংশয় রয়েছে। বিশেষ করে, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলায় প্রত্যাবাসনের সম্ভাবনা আরও জটিল হয়ে উঠেছে।
গতকাল শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির রয়টার্সকে বলেন, প্রত্যাবাসন আগামীকাল কিংবা খুব শিগগির শুরু হবে না। তবে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নেওয়ার পরিবেশ তৈরিতে অন্যান্য সংস্থা ও দেশকে সঙ্গে নিয়ে বহুপক্ষীয় কূটনৈতিক চাপ সৃষ্টি করবে বাংলাদেশ। আন্তর্জাতিক আদালতের রায়ের পর রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে সম্ভাব্য সময়সীমার বিষয়ে এটিই বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া প্রথম বক্তব্য।
বছরের পর বছর ধরে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর চেষ্টা চালানো হলেও তা সফল হয়নি। বিশ্লেষকদের মতে, গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সমালোচনার মুখে পড়া মিয়ানমারের সরকার প্রত্যাবাসনে আগ্রহী হবে, এমন সম্ভাবনা খুবই কম। আদালত মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে গণহত্যার সময় ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগের বিষয়টি তুলে ধরেছে।
মিয়ানমারের স্বাধীন বিশ্লেষক সাই কিয়ি জিন সো বলেন, আদালতের নির্দেশগুলোর মধ্যে রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়টিও রয়েছে, কিন্তু বাস্তবে সেটি ঘটার সম্ভাবনা এখনো কম। এর কারণ হিসেবে তিনি ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর শুরু হওয়া গৃহযুদ্ধের কথা উল্লেখ করেন।
এদিকে, মিয়ানমার সরকার গতকাল বলেছে, আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্ত সর্বসম্মত নয় এবং এটি অন্যায্য। দেশটির দাবি, মিয়ানমারকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের সময় প্রায় ৭ লাখ ৫০ হাজার রোহিঙ্গা দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসে। তার আগে থেকেই বাংলাদেশে অবস্থান করছিল আরও কয়েক লাখ রোহিঙ্গা। রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে করা মামলার মূল ভিত্তি ছিল ওই সামরিক অভিযান।
এর ছয় বছর পর, ২০২৩ সালের শেষ দিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। এতে আরও অনেক মানুষ বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। ফলে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা আরও বেড়ে যায়।
মিয়ানমারের অন্যতম শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। ২০২৩ সালের শেষ দিক থেকে তারা রাখাইন রাজ্যের প্রায় পুরো এলাকা মিয়ানমারের সামরিক বাহিনীর কাছ থেকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। রোহিঙ্গাদের অধিকাংশকে ভবিষ্যতে যেসব এলাকায় ফিরিয়ে নেওয়ার কথা, সেসব এলাকাও এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। রোহিঙ্গাদের বিরুদ্ধেও নৃশংসতা চালানোর অভিযোগ রয়েছে আরাকান আর্মির বিরুদ্ধে। তবে আন্তর্জাতিক আদালতের রায় নিয়ে গোষ্ঠীটি এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। এ বিষয়ে রয়টার্সের পাঠানো প্রশ্নেরও জবাব দেননি তাদের একজন মুখপাত্র।
গত আগস্টে মিয়ানমার সরকার জানিয়েছিল, বাংলাদেশে বিভিন্ন শিবিরে বসবাসরত ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে তারা রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করেছে। তবে রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রত্যাবাসন শুরু হবে না বলে জানিয়েছিল দেশটি।
২০১৭ সালে ব্যাপকসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসার আগে মিয়ানমারে প্রায় ১১ লাখ রোহিঙ্গা বসবাস করত। বিভিন্ন হিসাব অনুযায়ী, বর্তমানে রাখাইন রাজ্যে প্রায় ছয় লাখ রোহিঙ্গা রয়েছে। তাদের মধ্যে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ বিভিন্ন বাস্তুচ্যুত শিবিরে বসবাস করছে। মিয়ানমার দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী হিসেবে বিবেচনা করে আসছে। দেশটিতে রোহিঙ্গা পরিবারগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করলেও মিয়ানমার তাদের নাগরিকত্ব দিতে অস্বীকার করেছে।
রোহিঙ্গা সংকট পর্যবেক্ষণকারী সংস্থা আরাকান প্রজেক্টের পরিচালক ক্রিস লেওয়া বলেন, নাগরিকত্ব, অধিকার ও প্রকৃত নিরাপত্তা নিশ্চিত না হলে রোহিঙ্গাদের পক্ষে মিয়ানমারে ফিরে যাওয়া সম্ভব নয়। রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়ে রাখার জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান এখন বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জন্য রোহিঙ্গা সংকটে প্রয়োজনীয় ৭১ কোটি ডলারের মানবিক সহায়তার মধ্যে এখন পর্যন্ত মাত্র ৬৯ শতাংশ অর্থ পাওয়া গেছে।
এদিকে, স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় মালয়েশিয়াও রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ নাগাদ মালয়েশিয়ায় ১ লাখ ৩৩ হাজার ৪০০ জন রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়প্রার্থী হিসেবে নিবন্ধিত ছিল। আজ মালয়েশিয়া জানিয়েছে, একটি পরিকল্পিত দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পুনর্বাসন করা হবে। রোহিঙ্গাদের পুনর্বাসনে এটি একটি বড় উদ্যোগ হতে যাচ্ছে।
রায়ে রোহিঙ্গাদের মনে নতুন আশার সঞ্চার: বাংলাদেশের একটি ঘনবসতিপূর্ণ আশ্রয়শিবিরে বসবাস করেন মোহাম্মদ জুবায়ের। আন্তর্জাতিক আদালতের রায়কে তিনি তাঁর মতো রোহিঙ্গা আশ্রয়প্রার্থীদের জন্য নতুন শক্তি ও আশার উৎস হিসেবে দেখছেন। ২৪ বছর বয়সী জুবায়ের জানান, একজন রোহিঙ্গা হিসেবে এই মুহূর্ত তাঁকে নতুন করে শক্তি ও সাহস জুগিয়েছে।
আইসিজে জেনোসাইডের রায় দেওয়ার পর রোহিঙ্গারা কি মিয়ানমারে ফিরতে পারবে
বাংলাদেশের কক্সবাজারে আশ্রয়শিবিরে বড়পর্দায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জেনোসাইড মামলার রায় সরাসরি দেখছেন রোহিঙ্গা শরণার্থীরা। সূত্র: আল–জাজিরা।
সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার জেনোসাইড বা জাতিগত নিধন চালিয়েছে বলে রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। সাত বছর ধরে বিচারিক প্রক্রিয়া চলার পর গত বৃহস্পতিবার বহুল প্রতীক্ষিত এই রায় ঘোষণা করেন আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া। রায় পড়ে শোনাতে তিন ঘণ্টা সময় লেগেছে।
১৫ বিচারকের মধ্যে ৯ জন মিয়ানমার জাতিগত নিধন চালিয়েছে বলে মত দিয়েছেন। প্রধানত মুসলিম এই জনগোষ্ঠীকে কয়েক দশক ধরে নিপীড়ন করা দেশটির বিরুদ্ধে ঐতিহাসিক ক্ষতিপূরণের আদেশের পক্ষেও ভোট দিয়েছেন বিচারকেরা। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত জাতিসংঘের অধীন এই আদালতের ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে জাতিগত নিধনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। এই রায় চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে জাতিগত নিধনের মামলাটি করেছিল।
রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকার কয়েক দশক ধরেই নিপীড়ন চালিয়ে আসছিল। তবে ২০১৭ সালে দেশটির সামরিক বাহিনী তাদের বিরুদ্ধে বড় পরিসরে অভিযান শুরু করে। এ কারণে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা ঘরবাড়ি ও জমিজমা ছেড়ে পালাতে বাধ্য হয়। তাদের অধিকাংশই প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয়। সেখানে আশ্রয়শিবিরে মানবেতর জীবন কাটাচ্ছে তারা।
১৯৪৫ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ব আদালতের ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গোষ্ঠী নিধনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। এই রায় চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিল করা যাবে না।
সামরিক অভিযানের শুরুর দিকে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হয়। বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ঝুঁকিপূর্ণভাবে পালাতে গিয়ে নৌকাডুবিতে আরও কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। মিয়ানমারের সামরিক বাহিনী ও তাদের সহযোগী মিলিশিয়াদের বিরুদ্ধে জাতিগত নিধন, নির্যাতন ও ধর্ষণের অভিযোগ করে রোহিঙ্গারা।
রায় ঘোষণার সময় নেদারল্যান্ডসের দ্য হেগে আইসিজের ভবন পিস প্যালেসে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন ফর্টিফাই রাইটসের কর্মী ম্যাথু স্মিথ। তাঁর সঙ্গে ছিলেন রোহিঙ্গাদের বিরুদ্ধে চলা জাতিগত নিধন থেকে বেঁচে যাওয়া কয়েকজন ব্যক্তি ও গাম্বিয়ার প্রতিনিধিদলের সদস্যরা। উদ্বেগ নিয়ে রায় শুনছিলেন স্মিথ।
আদালত কী রায় দিয়েছেন: জাপানের বিচারক ইউজি ইওয়াসাওয়ার পড়ে শোনানো দীর্ঘ রায়ে বলা হয়েছে, রাখাইন রাজ্যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ‘হাজারো রোহিঙ্গাকে হত্যা করেছে‘। তাদের বিরুদ্ধে ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়েছে। শিশুদের ওপর চালানো হয়েছে ‘চরম সহিংসতা’।
রায়ে বলা হয়েছে, রোহিঙ্গাদের গ্রামগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। সেখানে স্থায়ী স্থাপনা তৈরি করে রোহিঙ্গা নয়, এমন ব্যক্তিদের বসতি গড়ে তোলা হয়েছে। এই রায় গোষ্ঠী হত্যার অপরাধী ও এর পরিকল্পনাকারীদের ব্যক্তিগতভাবে ফৌজদারি বিচারের মুখোমুখি করার প্রচেষ্টাকে আরো জোরালো করবে। এ উদ্যোগ এগিয়ে নিতে রায়টি গুরুত্বপূর্ণ গতি সঞ্চার করবে।
আদালত বলেছেন, ঘরবাড়ি ধ্বংস করে দেওয়ায় পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ফিরে আসার সুযোগ খুব কম ছিল, অনেকের ক্ষেত্রে একেবারেই ছিল না। বিশেষ করে শিশুদের বিরুদ্ধে সামরিক বাহিনীর কর্মকাণ্ড থেকে প্রমাণিত হয়েছে, রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে জন্মহার কমিয়ে আনার উদ্দেশ্য ছিল তাদের।
ইওয়াসাওয়া বলেন, ‘এর মধ্য দিয়ে জাতিগত নিধন প্রতিরোধের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে মিয়ানমার।’
আইসিজে নির্দেশ দিয়েছেন, মিয়ানমারকে সব ধরনের সহিংসতা বন্ধ করতে হবে। দায়ী সন্দেহভাজন সব ব্যক্তির বিরুদ্ধে অবিলম্বে কার্যকর তদন্ত চালাতে হবে। দোষী ব্যক্তিদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। এমন ঘটনা আর ঘটবে না, তার নিশ্চয়তাও দিতে হবে। আদালত রোহিঙ্গাদের অধিকার পুনর্বহাল ও সম্পত্তি ফিরিয়ে দেওয়াসহ ক্ষতিপূরণমূলক প্রতিকারের নির্দেশ দিয়েছেন। অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছিলেন।
নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে সহায়তা এবং যথাযথ দাফনের ব্যবস্থা করতে হবে। মানসিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের শারীরিক ও মানসিক পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। নিপীড়ন থেকে তাঁদের সুরক্ষাও নিশ্চিত করতে হবে। আদালত জানিয়েছেন, ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে পরিকল্পনা তুলে ধরে দুই বছরের মধ্যে প্রতিবেদন জমা দিতে মিয়ানমারকে নির্দেশ দেওয়া হয়েছে।
আইসিজে কি মিয়ানমারকে বাধ্য করতে পারবে: নিজের রায় সরাসরি কার্যকর করার ক্ষমতা আইসিজের নেই। তবে এই রায়ের গুরুত্ব রয়েছে। গাম্বিয়া এখন বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুলে ধরে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাতে পারে। রায়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, ১৯৪৮ সালের জেনোসাইড সনদ অনুযায়ী, কোনো দেশকে জাতিগত নিধনের জন্য দায়ী করতে হলে প্রমাণ করতে হয়, দেশটির কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায় ছিল।
নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বাইরে ব্যানার হাতে এক ব্যক্তি। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জেনোসাইডের অভিযোগে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণার আগে। এটি প্রমাণ করা অত্যন্ত কঠিন। এ কারণেও এর আগে কোনো রাষ্ট্রকে জাতিগত নিধনের জন্য দায়ী করেননি আইসিজে।
এর আগে ২০০৭ সালে বসনিয়ার করা জাতিগত নিধনের মামলার রায়ে আইসিজে বলেছিলেন, স্রেব্রেনিৎসায় বসনীয় সার্ব বাহিনীর চালানো জাতিগত নিধন ঠেকাতে ব্যর্থ হয়েছে সার্বিয়া। এ অপরাধে দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতেও ব্যর্থ হয়েছে দেশটি। এ কারণে সার্বিয়া জাতিসংঘের ১৯৪৮ সালের জাতিগত নিধন সনদ লঙ্ঘন করেছে। এই রায় রোহিঙ্গা জনগোষ্ঠী এবং মিয়ানমারের সামরিক বাহিনীর সহিংসতার শিকার অসংখ্য মানুষের জন্য ঐতিহাসিক বিজয়।
রোহিঙ্গারা কারা: রোহিঙ্গারা প্রধানত একটি মুসলিম জাতিগোষ্ঠী। তাদের মূল বসবাস মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে। রাজ্যটির সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে।
২০১৭ সালে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়ার আগে মিয়ানমারে প্রায় ১৪ লাখ রোহিঙ্গা ছিল। দেশটির ১৩৭টি জাতিগোষ্ঠীর মধ্যে তারা সংখ্যালঘু। ভারত, পাকিস্তান ও সৌদি আরবেও রোহিঙ্গারা বসবাস করে। বহু প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করা রোহিঙ্গারা নিজেদের দেশটির আদিবাসী হিসেবে পরিচয় দেয়। তবে সরকার তাদের স্বীকৃতি দেয় না; বরং বাংলাদেশ থেকে যাওয়া ‘অবৈধ অভিবাসী‘ বলে দাবি করে।
মিয়ানমারে ১৯৮২ সালে পাস করা নাগরিকত্ব আইনে কার্যত দেশটির অধিকাংশ রোহিঙ্গা রাষ্ট্রহীন হয়ে পড়ে। পরবর্তী সরকারগুলোও তাদের বঞ্চিত করে গেছে। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা অং সান সু চির নেতৃত্বাধীন বেসামরিক সরকারও একই কাজ করেছে। বছরের পর বছর দফায় দফায় সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার হয়েছে রোহিঙ্গা। এই পরিস্থিতিতে ২০১৩ সালে গঠিত হয় বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা। ২০১৭ সালের শেষ দিকে আরসা পুলিশের চৌকিতে হামলা চালালে পাল্টা বড় ধরনের অভিযান শুরু করে তাতমাদো নামে পরিচিত মিয়ানমারের সশস্ত্র বাহিনী।
ওই অভিযানে বেঁচে যাওয়া মানুষের ভাষ্য, রোহিঙ্গাদের ওপর নজিরবিহীন সহিংসতা চালানো হয়। সামরিক বাহিনী পুরুষদের গুলি করে হত্যা করে। নারীদের ধর্ষণ করে। শিশুদের আগুনে ছুড়ে ফেলে এবং রোহিঙ্গাদের গ্রামগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেয়। আদালত রোহিঙ্গাদের অধিকার পুনর্বহাল ও সম্পত্তি ফিরিয়ে দেওয়াসহ ক্ষতিপূরণমূলক প্রতিকারের নির্দেশ দিয়েছেন। অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরে এ দাবি জানিয়ে আসছিলেন।
২০১৯ সালে জাতিসংঘের একটি তথ্যানুসন্ধানী মিশনের প্রতিবেদনে বলা হয়, তাতমাদো নারী, পুরুষ ও শিশুদের দলবদ্ধভাবে ধর্ষণ করেছে এবং ‘জাতিগত নিধনমূলক কর্মকাণ্ড‘ চালিয়েছে।
মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার আগে বুকে গুলিবিদ্ধ হয়েছিল সাত বছর বয়সী মোহাম্মদ শোয়াইব। ছেলেকে কোলে নিয়ে কক্সবাজারের কাছে কুতুপালং শরণার্থীশিবিরের একটি চিকিৎসাকেন্দ্রের বাইরে বসে আছেন তার বাবা ৫০ বছর বয়সী রোহিঙ্গা শরণার্থী মোহাম্মদ তাহের। ৫ নভেম্বর ২০১৭
মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার আগে বুকে গুলিবিদ্ধ হয়েছিল সাত বছর বয়সী মোহাম্মদ শোয়াইব। ছেলেকে কোলে নিয়ে কক্সবাজারের কাছে কুতুপালং শরণার্থীশিবিরের একটি চিকিৎসাকেন্দ্রের বাইরে বসে আছেন তার বাবা ৫০ বছর বয়সী রোহিঙ্গা শরণার্থী মোহাম্মদ তাহের।
গাম্বিয়ার যুক্তি কী ছিল: পশ্চিম আফ্রিকার ছোট দেশ গাম্বিয়া ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারকে হেগের আদালতে নেয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি ৫৭ সদস্যের ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থন পেয়েছিল। গাম্বিয়া নিজেও তখন স্বৈরশাসক ইয়াহিয়া জামেহর দীর্ঘদিনের নিপীড়ন কাটিয়ে উঠছিল। তৎকালীন বিচারমন্ত্রী আবুবকর তামবাদুর নেতৃত্বাধীন আইনজীবীদের দল যুক্তি দেয়, মিয়ানমার জাতিগত নিধন চালিয়ে ১৯৪৮ সালের জেনোসাইড সনদ লঙ্ঘন করেছে।
মিয়ানমারের তৎকালীন নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চি নিজে আদালতে হাজির হয়ে গাম্বিয়ার অভিযোগকে ‘অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর‘ বলেছিলেন। পরে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। ২০২০ সালের জানুয়ারিতে রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধন প্রতিরোধে মিয়ানমারকে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আইসিজে। বিশেষজ্ঞরা একে সু চির প্রতি ‘কঠোর ভর্ৎসনা’ বলে বর্ণনা করেছিলেন।
মামলায় সমর্থন জানিয়ে অংশ নেওয়ার জন্য আবেদন করে ১১টি দেশ। সেগুলো হলো কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডস, জার্মানি, মালদ্বীপ, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, স্লোভেনিয়া, আয়ারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স ও যুক্তরাজ্য। ২০২৬ সালের জানুয়ারির শুনানিতে বর্তমান বিচারমন্ত্রী দাউদা এ জালোর নেতৃত্বে গাম্বিয়া আবারও অভিযোগ করে, রোহিঙ্গাদের ‘ধ্বংসের’ উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নিশানা করেছে মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক বাহিনী।
তাদের কর্মকাণ্ডে রোহিঙ্গাদের জন্য রায়ের অর্থ কী: জাতিগত নিধন থেকে বেঁচে যাওয়া ব্যক্তি ও মানবাধিকার সংগঠনগুলো বলছে, কয়েক দশকের দুর্ভোগের পর এই রায়ে রোহিঙ্গাদের ওপর সংঘটিত অন্যায়ের স্পষ্ট স্বীকৃতি মিলেছে। সর্বোচ্চ পর্যায়ে ন্যায়বিচার ও জবাবদিহির দাবির আইনি ভিত্তিও তৈরি করেছে এই রায়। এর মধ্য দিয়ে নিরাপদে ও মর্যাদার সঙ্গে ঘরে ফেরা এবং শেষ পর্যন্ত মিয়ানমার রাষ্ট্রের স্বীকৃতি পাওয়ার লক্ষ্য অর্জনে এগোতে পারে রোহিঙ্গারা।
ম্যাথু স্মিথ বলেন, ক্ষতিপূরণমূলক প্রতিকার নিয়ে নির্দেশনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আদালতের রায় এখন এ বিষয়ে বিস্তারিত আলোচনার ভিত্তি তৈরি করেছে। রোহিঙ্গাদের জন্য প্রতিকার হতে হবে পূর্ণাঙ্গ ও অর্থবহ। এর ধরন নির্ধারণে জাতিগত নিধন থেকে বেঁচে যাওয়া রোহিঙ্গাদের নিজেদের ভূমিকা থাকতে হবে।‘
রোহিঙ্গারা কি নিরাপদে ফিরতে পারবে: এটি এখনো অনিশ্চিত। মিয়ানমারে অস্থিরতা চলছে। সেখানে রোহিঙ্গাদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে। ২০২১ সালে সু চির নির্বাচিত সরকারকে উৎখাতের পর মিয়ানমারজুড়ে গৃহযুদ্ধ শুরু হয়। এ কারণে এখন পর্যন্ত আনুমানিক এক লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ৩৫ লাখের বেশি। রাখাইনে সামরিক বাহিনী ও প্রধানত বৌদ্ধদের নিয়ে গঠিত বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির লড়াই পরিস্থিতি আরো খারাপ করেছে। আরাকান আর্মিও রোহিঙ্গাদের নিশানা করে থাকে।
গত আগস্টে মিয়ানমার জানিয়েছিল, বাংলাদেশে আশ্রয় নেওয়া তিন লাখের বেশি শরণার্থীর পরিচয় যাচাই করে প্রত্যাবর্তনের জন্য নিবন্ধন করা হয়েছে। তবে রাখাইনে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ার পরই কেবল তাদের প্রত্যাবর্তন শুরু হতে পারে।
ট্রিনিটি কলেজ ডাবলিনের আন্তর্জাতিক আইনের অধ্যাপক ও আইসিজের সাবেক আইন কর্মকর্তা মাইকেল বেকার রায়ের আগে আল-জাজিরাকে বলেন, জাতিগত নিধন রায় রোহিঙ্গাদের ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে। তবে স্বল্প মেয়াদে তাদের অবস্থার তেমন পরিবর্তন না–ও হতে পারে। মাইকেল বেকার আরো বলেন, ‘আইসিজে সুদূরপ্রসারি প্রতিকারের নির্দেশ দিলেও মিয়ানমারের বাস্তব রাজনৈতিক পরিস্থিতিতে শিগগিরই তা কার্যকর করার অনুকূল পরিবেশ নেই।’
এরপর কী হবে: মিয়ানমার আইসিজের রায় বাস্তবায়ন করবে কি না, করলে কীভাবে করবে এবং ২০২৮ সালের নভেম্বরের মধ্যে নির্ধারিত প্রতিবেদন জমা দেবে কি না, এখন সেদিকেই সবার নজর।
কিয়াও মিন সাবের বলেন, রোহিঙ্গাদের সমর্থনকারী রাষ্ট্রগুলো মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর চাপ বজায় রাখুক, বেঁচে যাওয়া ভুক্তভোগী ব্যক্তিরা এমনটাই চান। সামরিক বাহিনী ও আরাকান আর্মির চলমান অধিকার লঙ্ঘন বন্ধ করতে এই চাপ প্রয়োজন। রোহিঙ্গাদের সুরক্ষা ও ন্যায়বিচারের প্রচেষ্টায় সহায়তা অব্যাহত রাখার বিষয়ে গাম্বিয়া, ওআইসি এবং মামলায় সমর্থন জানানো দেশেরগুলোর গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









