রবি মৌসুমে ফসলের আবাদ বাড়াতে বগুড়ার সারিয়াকান্দিতে চার হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। সরিষা, চিনাবাদাম ও মসুর চাষে উৎসাহ দিতে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ সহায়তা দেওয়া হচ্ছে।
শনিবার (২১ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচিতে সরিষা চাষে ৩ হাজার ৬৫০ জন, চিনাবাদাম চাষে ২০০ জন এবং মসুর চাষে ১৫০ জন কৃষক সহায়তা পাবেন। উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কৃষকদের মধ্যে এ প্রণোদনা বিতরণ করা হবে। এর মধ্যে সারিয়াকান্দি সদর ও কর্ণিবাড়ী ইউনিয়নে ৩৬০ জন করে, নারচী ইউনিয়নে ৩৫০ জন এবং ফুলবাড়ী ও কামালপুর ইউনিয়নে ৩১০ জন করে কৃষক এ সুবিধা পাবেন।
প্রণোদনার আওতায় প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে নির্ধারিত ফসল আবাদের জন্য বিনামূল্যে বীজ ও সার পাবেন। এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি অনাবাদি জমি চাষের আওতায় আসবে এবং রবি ফসলের উৎপাদন বাড়বে বলে আশা করছে কৃষি বিভাগ। বিশেষ করে সরিষা ও চিনাবাদামের আবাদ বাড়লে স্থানীয়ভাবে ভোজ্যতেল উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ। আরও বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু ও সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন।
এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








