নওগাঁর মান্দায় প্রায় ১০ বছর ধরে পলাতক থাকা আটটি সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. সাইফ উদ্দিন বিশ্বাসকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) বৈরী আবহাওয়ার মধ্যেও গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শালদহ গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত কসিম উদ্দিন বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সাইফ উদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন মামলায় মোট আটটি সিআর সাজা পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে মান্দা থানার এসআই (নিরস্ত্র) মো. আব্দুর রহমান ও এএসআই (নিরস্ত্র) মো. মজিবর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
পরে তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আদালতের আটটি সাজা পরোয়ানা ছিল। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আদালতের পরোয়ানা বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








