দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি পরিস্থিতিতে হাম-সংক্রান্ত রোগে মোট মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৩ জনে।
শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মারা গেছে দুই শিশু। তাদের মধ্যে ঢাকা বিভাগে একজন এবং খুলনা বিভাগে একজন রয়েছে।
এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩৮ জনে। অন্যদিকে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ শিশু।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি সন্দেহজনক হামের রোগী হিসেবে শনাক্ত হয়েছে আরও ৮৩১ শিশু।
বিভাগভিত্তিক হিসাবে, নতুন নিশ্চিত হাম আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৫৫, সিলেটে ২৫, চট্টগ্রামে ১২ এবং রংপুরে দুজন রয়েছে।
অন্যদিকে নতুন শনাক্ত সন্দেহজনক রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৫৭, চট্টগ্রামে ১৪৫, সিলেটে ১০১, বরিশালে ৮৩, খুলনায় ৬০, ময়মনসিংহে ৫৬, রংপুরে ১৮ এবং রাজশাহীতে ১১ শিশু রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৪২৪ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ৬০ জন।
এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৮ হাজার ৪৬৬ শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ১৯ হাজার ৭১৮ শিশু।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








