টাঙ্গাইলে ৫০ বছর পর মঞ্চস্থ হয়েছে লেখক ও নাট্যকার গোলাম আম্বিয়া নূরীর কালজয়ী নাটক ‘কুমারখালির চর’। শতবর্ষী সাংস্কৃতিক সংগঠন করোনেশন ড্রামাটিক ক্লাবের (সিডি ক্লাব) প্রযোজনায় নাটকটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় টাঙ্গাইল শহরের সিডি ক্লাবের রঙ্গমঞ্চে উপচে পড়া দর্শকের উপস্থিতিতে নাটকটি মঞ্চস্থ হয়। দর্শকদের ব্যাপক চাহিদার পরিপ্রেক্ষিতে রবিবার একই সময়ে দ্বিতীয় প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
নাটক শুরুর আগে ক্লাবের সভাপতি কাজী জাকেরুল মওলার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক সাম্য রহমান। তিনি বলেন, ৫০ বছর আগে নির্মিত নাটকটি নতুন করে মঞ্চায়ন করা চ্যালেঞ্জিং। কারণ দর্শকেরা আগের পরিবেশনার সঙ্গে নতুনটির তুলনা করবেন। ৫০ বছর আগে নাটকটির নির্দেশনা দিয়েছিলেন ফারুক-রক্কু। নতুন নির্দেশকেরা এবার তাদের দক্ষতা তুলে ধরবেন। দীর্ঘ দুই বছর পর সিডি ক্লাবে আবারও নাট্য প্রদর্শনী শুরু হওয়া টাঙ্গাইলের সাংস্কৃতিক অঙ্গনের জন্য আনন্দের।
ক্লাবের নাট্য সম্পাদক শাহ্ মেহেদী মাসুদ সুমনের তত্ত্বাবধানে এবং শাহ্ মো. ইছরাইল বিল্লাহর সার্বিক তত্ত্বাবধানে নাটকটি যৌথভাবে নির্দেশনা দিয়েছেন সাইদুর রহমান ঠান্ডু ও রতন দত্ত।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তুলসী দাস সরকার, আরাফা (ফেরজা), সিথী ধর (ফেরজার মা), তোরা পাল (আসাফন), ফিরোজ আদনান (ময়েজ উদ্দিন), বিপ্লব দত্ত (ফয়েজ উদ্দিন), আলী হাসান (কালু), শহিদুজ্জামান মিয়া (খাঁ সাব), সাইদুর রহমান ঠান্ডু (মন্ডল), শেখ মানিক (আয়াত আলী), মোফাজ্জল হোসেন (কাইঞ্চা), দুলাল চন্দ্র সাহা (আমিন), রতন দত্ত (হোনা মিয়া) এবং জীবন শর্মা ও মানিক (নাঠিয়াল)।

নেপথ্যে আলোক নির্দেশনায় ছিলেন সুমন মেহেদী। আবহ সংগীতে ছিলেন ইকবাল হোসেন ও তাসমিয়া।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








