সুন্দরবনের দুবলারচরের ঐতিহ্যবাহী রাস পূজায় অংশ নিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও কোবাদক স্টেশন থেকে ৭টি ট্রলারে ২২৪ জন পুণ্যার্থী ও ১৬ জন ক্রু যাত্রা করেছেন।
রবিবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে বন বিভাগের তল্লাশি ও নিরাপত্তা প্রক্রিয়া শেষে ট্রলারগুলো দুবলারচরের উদ্দেশে ছেড়ে যায়।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন জানান, এ স্টেশন থেকে ৬টি ট্রলারে ১৮১ জন পুণ্যার্থী ও ১৩ জন ক্রু যাত্রা করেছেন। অন্যদিকে কোবাদক স্টেশন থেকে একটি ট্রলারে ২৭ জন পুণ্যার্থী ও ৩ জন ক্রু গেছেন। যাত্রার আগে ট্রলারগুলোতে তল্লাশি চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র, যাত্রীদের নিরাপত্তা এবং সুন্দরবনে প্রবেশের নিয়মকানুন যাচাই করা হয়। পাশাপাশি পুণ্যার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম বলেন, দুবলারচরের রাস পূজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় আয়োজন। প্রতিবছর দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো পুণ্যার্থী ও দর্শনার্থী এ উৎসবে অংশ নেন। তাঁদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বন বিভাগের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পুণ্যার্থীবাহী ট্রলারগুলো ফিরে না আসা পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন স্থানে বন বিভাগের সদস্যরা টহলে থাকবেন। পাশাপাশি পুলিশ, কোস্টগার্ডসহ অন্যান্য সংস্থার সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, বিগত বছর ১২টি ট্রলারে বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ২১৬ জন এবং কোবাদক স্টেশন থেকে ২৪০ জন পুণ্যার্থী যাত্রা করেছিলেন। তাদের কাছ থেকে রাজস্ব আদায় হয়েছিল ৬২ হাজার ৫৬২ টাকা ২৫ পয়সা। এবার রাজস্ব আদায় হয়েছে ৩৭ হাজার ২৩১ টাকা ৫০ পয়সা।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








