গ্রামীণ সড়কে সবুজায়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রাম পুলিশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে রাজশাহীর পবা উপজেলায় প্রথমবারের মতো শুরু হয়েছে ‘গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি’।
রবিবার (২২ নভেম্বর) সকালে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। পরে তিনি হড়গ্রাম ইউনিয়নে কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করেন।
কর্মসূচির আওতায় উপজেলার আটটি ইউনিয়নে মোট ১৬ হাজার গাছ লাগানো হবে। প্রতিটি ইউনিয়নে রোপণ করা হবে দুই হাজার গাছ। এর একটি অংশের রোপণ ও পরিচর্যার দায়িত্বে থাকবেন গ্রাম পুলিশ সদস্যরা। গাছগুলো বড় হয়ে অর্থকরী সম্পদে পরিণত হলে সেখান থেকে প্রাপ্ত সুবিধার ৫০ শতাংশ পাবেন দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ। বাকি ৫০ শতাংশ জমা হবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের রাজস্ব খাতে। অন্য গাছগুলো চেয়ারম্যান, ইউপি সদস্য, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে রোপণ করা হবে।
সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার অংশ হিসেবে প্রতিটি ইউনিয়নে একটি করে সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখা এবং সামাজিক বনায়ন কর্মসূচি দেশব্যাপী বাস্তবায়ন করা হচ্ছে। পবায়ও এর কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে গ্রাম পুলিশের কাজের স্বীকৃতির পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ তৈরি হবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন জনমুখী কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি বলেন, বৃক্ষরোপণ, খাল খনন, মাছ চাষ, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠা এবং গণশিক্ষার মতো উদ্যোগের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। এসব কর্মসূচির লক্ষ্য ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী করা ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর সুরক্ষা ও পরিচর্যাও নিশ্চিত করতে হবে। ভবিষ্যতের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় মেহগনি ও নিমসহ বিভিন্ন কাঠজাতীয় গাছ নির্বাচন করা হয়েছে। পাশাপাশি স্বল্প মেয়াদে আয়ের সুযোগ তৈরিতে বিভিন্ন স্থানে খেজুরগাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। গাছ বড় হলে রস ও গুড় উৎপাদনের মৌসুমে ইজারা দিয়ে আয় করা সম্ভব হবে।
ইউএনও জানান, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ওয়ার্ড সদস্যদের সমন্বয়ে আটটি ইউনিয়নে আটটি গ্রাম পুলিশ সড়ক স্থাপন করা হবে। সরকারের পাঁচ বছরের বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রার অংশ হিসেবে পবায় এক বছরের মধ্যেই নির্ধারিত ১৬ হাজার গাছ লাগানোর লক্ষ্য রয়েছে।
অনুষ্ঠানে চলাচলে অক্ষম ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার এবং প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও পৌর মেয়র শেখ মুকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্যসচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ আট ইউনিয়নের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গ্রাম পুলিশ ও উপকারভোগীরা।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








