জেন্ডার সংবেদনশীলতা বৃদ্ধি ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর তৃতীয় তলায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘ইন্টারঅ্যাক্টিভ জেন্ডার ট্রেনিং মডিউলস অ্যান্ড সেফ ক্যাম্পাস ইনডেক্স ডেটা কালেকশন টুলস’ শীর্ষক কর্মশালাটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেরোবির যৌথ উদ্যোগে আয়োজন করা হয়। প্রকল্পটির সাব-প্রজেক্টের নাম ‘প্রিভেন্টিং জেন্ডার-বেজড ভায়োলেন্স ইন ইউনিভার্সিটি ক্যাম্পাসেস: ডেভেলপিং এ হোলিস্টিক অ্যাপ্রোচ’।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। তিনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নারীবান্ধব ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। উপাচার্য বলেন, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রাতিষ্ঠানিক সচেতনতা, কার্যকর প্রশিক্ষণ ও তথ্যভিত্তিক উদ্যোগের বিকল্প নেই। এ ধরনের প্রশিক্ষণ মডিউল ও জরিপ উপকরণ নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।
কর্মশালায় ফ্যাসিলিটেটর হিসেবে সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ও ডিজিল্যাবের লিড প্রফেসর ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ও ডিজিল্যাবের লিড ড. ইশরাত জাহান খান বর্ষা।
দিনব্যাপী কর্মশালায় ১০টি মডিউলসমৃদ্ধ ‘ইন্টারঅ্যাক্টিভ জেন্ডার ট্রেনিং মডিউলস’ এবং ‘সেফ ক্যাম্পাস ইনডেক্স সার্ভে কোয়েশ্চনেয়ার’ যাচাই-বাছাই করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








