রাজধানীর হাজারীবাগে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পারভীন আক্তার (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এছাড়া ফাতেমা আক্তার ঊর্মি (২১) ও ফরিদা বেগম (৪০) নামে আরো দুজন দগ্ধ হয়েছেন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজারীবাগের বটতলা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নিয়ে আসা হয়। পরে ফরিদা বেগমকে ভর্তি ও ফাতেমা আক্তার ঊর্মিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
ফরিদা বেগমের ছেলে রুবেল জানান, হাজারীবাগের বটতলা মাজার এলাকার আটতলা একটি ভবনের দ্বিতীয় তলায় তার মা টিউশন করাতেন। আজ সেই বাসায় বেড়াতে গিয়েছিলেন। পারভীন আক্তার তখন রান্নাঘরে ছিলেন। হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার মা ও অন্য একজন দগ্ধ হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, “হাজারীবাগ থেকে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুজন এসেছেন। তাদের একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক।”
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, “বিস্ফোরণে ফরিদা বেগম নামে এক নারী গুরুতর আহত ও দগ্ধ হয়েছেন। তাকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।”



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








