মানিকগঞ্জে পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় তিনটি ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ইটভাটাগুলোর চিমনি ভেঙে ফেলার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
সোমবার (২ মার্চ) দুপুরে সদর উপজেলায় লেমুবাড়ী ও বার্তা এলাকায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর।
পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি ভাটাকে ৬ লাখ করে, মোট ১৮ লাখ টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান উল ইসলাম।
ইটভাটাগুলো হলো মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের লেমুবাড়ী এলাকার মেসার্স একতা ব্রিকস ও মেসার্স এমিকা ব্রিকস, এবং একই উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের বার্তা এলাকার মেসার্স এস.এম.এস ব্রিকস।
এসময় পরিবেশ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও পরিদর্শক মনোয়ারুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, দুপুরে সদর উপজেলা পুটাইল ও বেতিলা মিতরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় মেসার্স একতা ব্রিকস, মেসার্স এমিকা ব্রিকস ও মেসার্স এস.এম.এস ব্রিকসকে ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ইটভাটাগুলোর চিমনি ভেঙে ফেলা হয়েছে এবং বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলছে এবং চলমান থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









