কুড়িগ্রামের রৌমারী উপজেলার একটি সিএনজি স্ট্যান্ড থেকে সাড়ে ১২ কেজি গাঁজাসহ নুরুল ইসলাম (৪৫) ও রাজু মিয়া (২২) নামের দুই যুবককে আটক করেছে রৌমারী থানা-পুলিশ।
রবিবার (১৪ মার্চ) রৌমারী উপজেলা মোড়ের সিএনজি স্ট্যান্ডে অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়।
আটক নুরুল ইসলাম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কাদাইবাদল গ্রামের মৃত ময়জান আলীর ছেলে এবং রাজু মিয়া নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার সুখিপুর ইউনিয়নের শরিয়তপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে বলে জানা গেছে।
রৌমারী থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, মাদক ব্যবসায়ী নুরুল ইসলাম ও রাজু মিয়া কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থেকে সাড়ে ১২ কেজি গাঁজাসহ টাঙ্গাইলে যাওয়ার উদ্দেশ্যে রৌমারী সিএনজি স্ট্যান্ডে অবস্থান করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে তাঁদের আটক করে থানায় নিয়ে আসা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









