মৌলভীবাজার সদর উপজেলার ফাটাবিল এলাকায় তুচ্ছ পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় বড় ভাই হানিফ মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে কুমিল্লা সদর কোতোয়ালী থানাধীন সংরাইশ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় নিহতের বোন সাথী আক্তার (২৩) বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ মার্চ বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে সদর উপজেলার ফাটাবিল এলাকায় একটি সরকারি রাস্তার ব্রিজের ওপর এ হত্যাকাণ্ড ঘটে। নিহত তামিম মিয়া (১৮) একই এলাকার বাসিন্দা এবং শাহেদ আলীর ছেলে।
এজাহারে উল্লেখ করা হয়, তামিম মিয়া তার বড় ভাই হানিফ মিয়ার ছেলে সাইদুলকে (১০) শাসন করে একটি থাপ্পড় দেন। এতে ক্ষিপ্ত হয়ে হানিফ মিয়া ঘটনাস্থলে এসে তামিম মিয়ার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তিনি ধারালো চাকু দিয়ে তামিম মিয়ার গলার নিচে আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তামিম মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর হানিফ মিয়া হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি ব্রিজের নিচে ফেলে দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান।
পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরের নেতৃত্বে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে একটি বিশেষ টিম গঠন করা হয়। টিমে এসআই হীরণ কুমার বিশ্বাস, এসআই উৎপল কুমার সাহা, এসআই জয়ন্ত সরকার, এসআই আশরাফুল আলম চৌধুরী, এএসআই রানা মিয়া, এএসআই সাইদুর রহমান এবং কনস্টেবল পিন্টু চন্দ্র শীলসহ অন্যান্য সদস্যরা ছিলেন।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে কুমিল্লা থেকে অভিযুক্ত হানিফ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হানিফ মিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলের ব্রিজের নিচ থেকে হত্যায় ব্যবহৃত চাকু এবং ঘটনার সময় পরিহিত পোশাক উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









