দিনাজপুরের খানসামায় মানবিকতার উষ্ণ স্পর্শে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে উপজেলা প্রচারদলের উদ্যোগে অনুষ্ঠিত হলো ইফতার মাহফিল, দোয়া ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান।
শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাকেরহাট সরকারি কলেজ মাঠ ছিল মানুষের পদচারণায় মুখর। রমজানের পবিত্রতা আর ঈদের আগাম আনন্দে মিলনমেলায় রূপ নেয় পুরো আয়োজন।
অনুষ্ঠানে জেলা প্রচারদলের সহ-সভাপতি ও উপজেলা প্রচারদলের সভাপতি আখের আলী শাহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মো. রবিউল আলম তুহিন। উপজেলা প্রচারদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রাজার সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন ছিলেন ডা. ফেরদৌস ইসলাম মিম। এ সময় উপস্থিত ছিলেন গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক ওবায়দুর রহমান।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, রমজানের শিক্ষা আমাদের সহমর্মিতা ও মানবিকতার পথে চলতে উদ্বুদ্ধ করে। ঈদের আনন্দ যেন কেবল কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে—এই বিশ্বাস থেকেই অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ। আগামীতেও সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ইফতারের আগে দোয়া ও পরে ঈদ সামগ্রী বিতরণের মধ্য দিয়ে আয়োজনটি পরিণত হয় এক হৃদয়ছোঁয়া মানবিক মিলনমেলায়, যেখানে ভাগাভাগি হলো রমজানের সৌন্দর্য আর ঈদের আগাম আনন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









