গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামানকে পরিকল্পিতভাবে হেনস্তা, ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) দুপুরে গাজীপুর মহানগরীর রাজবাড়ী রোডে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গাজীপুরের সাংবাদিক সমাজ, গাজীপুর সদর প্রেস ক্লাব এবং বাংলাদেশ সাংবাদিক নির্যাতন সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এক অজ্ঞাতপরিচয় নারীকে ব্যবহার করে পরিকল্পিতভাবে সাংবাদিক আসাদুজ্জামানকে হেনস্তা করা হয়েছে। একইসঙ্গে সেই ঘটনার ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিয়ে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা চালানো হয়েছে।
তারা বলেন, এটি শুধু একজন ব্যক্তির নয়, পুরো সাংবাদিক সমাজের বিরুদ্ধে অপমানজনক একটি ঘটনা।
বক্তারা জানান, দীর্ঘদিন ধরে পেশাগত দায়িত্ব পালন করে আসা এই সাংবাদিককে মঙ্গলবার (২৪ মার্চ) সকালে একটি কৌশলে ডেকে নিয়ে অতর্কিতভাবে হেনস্তা করা হয়। এ সময় পূর্ব শত্রুতার জেরে কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিডিও ধারণ করেন, যা পুরো ঘটনাটিকে পূর্বপরিকল্পিত বলে প্রমাণ করে।
গাজীপুর প্রেস ক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সিনিয়র সদস্য মো. দেলোয়ার হোসেন বলেন, “হানি ট্র্যাপের মাধ্যমে একজন সিনিয়র সাংবাদিককে প্রকাশ্যে অপমান করা হয়েছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক। প্রশাসনের প্রতি অনুরোধ, দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হোক। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
তিনি আরো বলেন, একটি মহল পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে এবং একজন নারীকে ব্যবহার করে সাংবাদিক সমাজকে হেয় করার চেষ্টা করেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
গাজীপুর সদর প্রেস ক্লাবের সভাপতি মো. আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য দেন এবি সিদ্দিকুর রহমান, এডভোকেট নাহিন মমতাজি, গাজী মামুন, ইব্রাহিম, খালেকুজ্জামান, ডা. সানাউল্লাহ জহিরুল হক, মো. আক্তারুজ্জামান, মো. হাসান আলী, মো. ইব্রাহীম খলিলসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
ভুক্তভোগী সাংবাদিক আসাদুজ্জামান দাবি করেন, ২০২৪ সাল থেকেই একটি মহল তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর অপপ্রচার চালিয়ে আসছে। এ বিষয়ে তিনি থানায় একাধিক সাধারণ ডায়েরি করেছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে মানহানি মামলা চলমান রয়েছে। ওই মামলা থেকে বাঁচতে এবং তাকে সামাজিকভাবে হেয় করতেই এই পরিকল্পিত ঘটনা সাজানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
মানববন্ধন থেকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









